টেলিযোগাযোগের ফোরজি সেবার লাইসেন্স ও তরঙ্গ নিলামের নীতিমালা হাতে পেয়েছে টেলিযোগাযাগ বিভাগ। টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আসছে জানুয়ারিতেই এ সেবা চালু করা যাবে বলে তারা আশা করছেন।
আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক ‘জরুরি’ সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর সংশোধিত নীতিমালা বুধবার টেলিযোগাযাগ বিভাগে এসেছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। আশা করছি, আগামী জানুয়ারি থেকে ফোর-জি সেবা শুরু করতে পারব।”
ফোরজি লাইসেন্সের খসড়া নীতিমালা প্রস্তুত করে গত মে মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠায় বিটিআরসি। পরে তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়।
তবে ‘প্রযুক্তি নিরপেক্ষতা’ বা যে কোনো তরঙ্গে যে কোনো প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে যে ফি ঠিক করা হয়েছিল, মোবাইল ফোন অপারেটরদের দাবির মুখে তাতে শর্তসাপেক্ষে কিছুটা ছাড় দিচ্ছে সরকার।
মোবাইল অপারেটররা তাদের আগে বরাদ্দ পাওয়া তরঙ্গ ‘প্রযুক্তি নিরপেক্ষতায়’ রূপান্তরের কাজটি একধাপে করলে মেগাহার্টজ প্রতি ৪ মিলিয়ন ডলার দিতে হবে। আর আংশিক রূপান্তর করলে খরচ হবে সাড়ে ৭ মিলিয়ন ডলার।
তারানা হালিম বলেন, ফোর-জির বিষয়ে অপারেটররা ২৩টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। গত অক্টোবরে টেলিযোগযোগ বিভাগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অপারেটরদের এক বৈঠকে সেসব বিষয়ে আলোচনা হয়।
বিটিআরসি আগে ঠিক করেছিল, প্রযুক্তি নিরপেক্ষতার সুযোগ পেতে অপারেটরদের প্রতি মেগাহার্টজ তরঙ্গে সাড়ে ৭ মিলিয়ন ডলার চার্জ দিতে হবে।
কিন্তু সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৮০০ ও ৯০০ মেগাহার্টজের তরঙ্গ যদি একধাপে রূপান্তর করা হয়, তাহলে চার মিলিয়ন ডলার দিলেই হবে। তবে আংশিক রূপান্তরে ৭ দশমিক ৫ মিলিয়ন ডলারই দিতে হবে।
টু-জির ৯০০ ও ১৮০০ মেগাহার্টজ ব্যান্ড এবং থ্রিজির ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের মিলিয়ে গ্রামীণফোনের হাতে মোট তরঙ্গ রয়েছে ৩২ মেগাহার্টজ। এছাড়া বাংলালিংকের হাতে ২০ মেগাহার্টজ এবং রাষ্ট্রায়াত্ব টেলিটকের হাতে রয়েছে ২৫ দশমিক ২০ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে।
রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর রবির তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টর্জে। তবে একীভূত হওয়ার পর এয়ারটেলের কাছ থেকে ৫ মেগাহার্টজ তরঙ্গ ফেরৎ দেওয়ার কথা বলছে বিটিআরসি।
