জাল স্বাক্ষরের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেওয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদহানির আশঙ্কায় বনানী থানায় এইচ এম এরশাদ সাধারণ ডায়েরি (জিডি)।
রাজধানীর বনানী থানায় বুধবার দুপুরে এরশাদ তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে এই সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ রয়েছে, চেয়ারম্যান এইচ এম এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে তার স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেওয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদহানির হুমকি রয়েছে। এ অবস্থায় কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা দরকার।
এরশাদের নিরাপত্তাকর্মী মো. বাদশা বলেন, ‘স্যারের (এরশাদ) হাতের সই এলোমেলো হয়ে গেছে। যেকোনো লোক নকল করতে পারে। সে জন্য জিডি করে রাখলেন।’
উল্লেখ্য,সম্প্রতি ছোট ভাই জি এম কাদেরকে দলের ‘উত্তরাধিকার’ করে নিজের সব সম্পত্তি ট্রাস্টে দেওয়ার ঘোষণা দেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এ সংক্রান্ত পাঁচ সদস্যের একটি ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ড সদস্যদের মধ্যে আছেন এইচ এম এরশাদ, তাঁর ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার, আত্মীয় মুকুল এবং ব্যক্তিগত কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর। তবে ট্রাস্টি বোর্ডে নিজের স্ত্রী রওশন এরশাদকে অন্তর্ভুক্ত করেননি এরশাদ।
জিডি’র বিষয়ে বুধবার রাতে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সাহা জানান, দলীয় নেতা-কর্মীদের দ্বারা ক্ষতির শিকার হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে সাধারণ ডায়েরিতে।

