জাদু তো বটেই। না হলে, দুইবছরের মধ্যে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জয়, লা লীগাসহ ছয়ের অধিক শিরোপা জয় সম্ভব হতো না। জিদানের রিয়াল মাদ্রিদকে কেউ কেউ আবার তুলনা করে গার্দিওলার বার্সেলোনার সাথেও।
গার্দিওলা যেমন বদলে দিয়েছিল বার্সেলোনার গতিপথ, ঠিক তেমনি করে নতুনভাবে জেগে উঠেছে রিয়াল মাদ্রিদ। গত বছরের দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ যেন সেই কথাগুলোই জানান দেয়।
তবে সে সব এখন অতীত। নতুন মৌসুম শুরু হয়েছে। উয়েফা সুপার কাপ জয়ের পর, স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে যেন আবারো ফুটবল দুনিয়া রাজত্ব করার ইঙ্গিত দেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপরই যেন খেই হারিয়েছে জিদানের শিষ্যরা।
শুরুতে নিষেধাজ্ঞার জন্য রোনালদোকে না পাওয়া, ইনজুরির সাথে সখ্যতা যেন পুরোটাই পিছিয়ে দিয়েছে ইউরোপ সেরা দলটিকে। গ্যারেথ বেল, কার্ভাহাল, নাভাসদের ইনজুরি যেমন পীড়া দিচ্ছে ঠিক তেমনি করে দলের সেরা খেলোয়াড় সি আর সেভেনের ফর্মহীনতা ভাবাচ্ছে মাদ্রিদ সমর্থকদের।
সপ্তাহের শুরুতে লা লীগাতে নবাগত জিরোনার কাছে হার যেন রিয়াল মাদ্রিদের দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই ক্ষত শুকাতে না শুকাতেই তাঁতে যেন মরিচের প্রলেপ দিয়ে দিলো ইংলিশ দল টোটেনহাম।
গতকাল চ্যাম্পিয়ন্স লীগে ঘরের মাঠে তারা রিয়াল মাদ্রিদকে হারায় ৩-১ গোলে। ডেলে আলী জোড়া ও এরিকসন একটি গোল করেন। মাদ্রিদের পক্ষে একমাত্র গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যূতে এই টোটেনহামের বিপক্ষে ড্র করেছিল স্প্যানিশ ক্লাবটি।
লা লীগায় ১০ ম্যাচ শেষে ৬ জয়, ২ ড্র ও ২ হারে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লীগের ৪ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে দুয়ে আছে তারা।
