অভ্যুত্থানের কথা অস্বীকার করেছেন সেনা কর্মকর্তারা। ৩৭ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধীরা জিম্বাবুয়ে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করছে। তাদের শায়েস্তা করতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী নিরাপদে আছেন বলে জানায় সেনাবাহিনী।
মুগাবের বয়স ৯৩ বছর। আশির দশকের শুরুতে যুক্তরাজ্য থেকে স্বাধীন হয় আফ্রিকার এ দেশ। তখন থেকেই ক্ষমতায় রবার্ট মুগাবে। বেশ কয়েক বছর ধরে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। কিন্তু ক্ষমতা ছাড়তে নারাজ ছিলেন তিনি। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখনো মুগাবের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে মুগাবের স্ত্রী গ্রেস মুগাবে নামিবিয়ায় পালিয়ে গেছেন বলে স্থানীয় খবরে বলা হচ্ছে। মুগাবেকে গ্রামাঞ্চলের বহু মানুষ এখনো সমর্থন দিয়ে যাচ্ছে।
গ্রেস মুগাবের সমর্থক জানু পিএফের তরুণ নেতা খুদজাই চিপাঙ্গা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সামরিক বাহিনীর ব্যারাকেই থাকা উচিত।’ পরে এই মন্তব্যের জন্য তিনি সেনাবাহিনীর প্রধানের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমরা এখনো অনেক নবীন এবং ভুল করি।’
আলফা কঁদে বলেন, জিম্বাবুয়ে সেনাবাহিনী অবশ্যই ক্ষমতা গ্রহণ করার চেষ্টা করেছিল। এক বিবৃতিতে তিনি জানান, এ অবস্থায় আফ্রিকান ইউনিয়ন বেশ উদ্বিগ্ন। দেশটির আইনি প্রতিষ্ঠানের ওপর পূর্ণ সমর্থন ব্যক্ত করছে।
বিবিসির প্রতিবেদক অ্যানি সয় একটি বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, ২০১৩ সালে অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ হারায় মিসর। এই কারণে জিম্বাবুয়ের সেনারা নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিকে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করছেন না।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তাঁর ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করার পর থেকে রাজনৈতিক সংকটের সূত্রপাত। এত দিন নানগাগওয়াকে মুগাবের উত্তরসূরি ভাবা হচ্ছিল। কিন্তু মুগাবে সম্প্রতি তাঁর স্ত্রী গ্রেস মুগাবেকে নিজের স্থলাভিষিক্ত করার পরিকল্পনা করেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বরখাস্ত করা হয় ভাইস প্রেসিডেন্টকে। নানগাগওয়া সেনাবাহিনীর কাছে বেশ জনপ্রিয়। মুগাবের স্থলে তাঁকে বসাতে এই সামরিক পদক্ষেপ বলে অনেকে ধারণা করছেন।
বরখাস্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় পালিয়ে গিয়েছিলেন নানগাগওয়া। সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর গতকাল বুধবার সকালে তিনি দেশে ফিরেছেন বলে জানা গেছে।
নিয়ন্ত্রণ নেওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মেজর জেনারেল সিবুসিসো ময়ো বলেছেন, এটা কোনো অভ্যুত্থান নয়। মুগাবে নিরাপদে আছেন। তবে তিনি কোথায় আছেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তাঁদের উদ্দেশ্য হাসিলের পর দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন ওই সেনা কর্মকর্তা।
