বিয়ের কারণে ছুটি নিয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না। অবশেষে তৃতীয় ওয়ানডেতে ফিরেছেন সৌম্য সরকার।
বুধবার (৪ মার্চ) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠেয় তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ব্যাটসম্যান সৌম্য সরকারকে যুক্ত করা হয়েছে। বাঁ-হাতি এই ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি ছাড়া সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটিও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হকে। স্থানীয় সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। অতএব তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে টাইগাররা।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার।

