জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ‘রাজনৈতিক কালিমালিপ্ত’ বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
আজ বৃহস্পতিবার বকশীবাজারে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে এ মামলায় ষষ্ঠ দিনের মত যুক্তিতর্ক শুনানি চলে খালেদা জিয়ার উপস্থিতিতে।
এ জে মোহাম্মদ আলীর যুক্তি উপস্থাপনের সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হলে এক পর্যায়ে শুনানি মুলতবি করে ৩ ও ৪ জানুয়ারি পরবর্তী তারিখ রাখেন এ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।
এ মামলায় খালেদার পক্ষে আইনজীবী আবদুর রেজাক খান মোট চার দিন যুক্তি উপস্থাপন করার পর বুধবার খন্দকার মাহবুব তার যুক্তি উপস্থাপন শুরু করেছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার পর খন্দকার মাহবুব তার বাকি বক্তব্য উপস্থাপন শুরু করেন।
জিয়া এতিমখানা ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে এ মামলা করে দুদক। খন্দকার মাহবুব বলেন,ওই টাকা পাঠিয়েছিলেন কুয়েতের আমির।সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান (বিএনপির সাবেক মহাসচিব) সেই টাকা এনেছিলেন। ওই টাকা জিয়া মেমোরিয়াল ট্রাস্টে গিয়েছিল। অথচ তখন কোন মামলা হল না? এক যাত্রায় পৃথক ফল ফল কেন হল? এটা তো হয় না।” ‘রাজনৈতিক গন্ধ’ আছে এবং মামলাটি ‘রাজনৈতিক কালিমালিপ্ত’ বলে মন্তব্য করেন খালেদার এই আইনজীবী।
তিনি দাবি করেন, সাক্ষ্য–প্রমাণে এ মামলায় কোনো অর্থ আত্মসাতের বিষয় প্রমাণিত হয়নি। খন্দকার মাহবুবের বক্তব্য শেষে ১৫ মিনিটের বিরতি দেওয়া হয়। পরে পৌনে ১টার দিকে যুক্তি উপস্থাপন শুরু করেন এ জে মোহাম্মদ আলী। তিনি দাবি করেন, রাষ্ট্রপক্ষ এ মামলায় ‘ভুয়া তথ্যপ্রমাণ’ দাখিল করেছে।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর প্রতিবাদ জানিয়ে বলেন, “কোনটা ফলস? আপনিতে জেরাই করেননি। আপনি জাননে না বলে এভাবে বলছেন।” এরপর আরও কিছু সময় শুনানি চলার পর আবারও বাদানুবাদ শুরু হলে বিচারক শুনানি ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে দেন।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।
এর আগে, গত ৩০ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। ওই দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বাকি বক্তব্য উপস্থাপনের জন্য হাজির না হওয়ায় এই আদালতের বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন;
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জনসভামঞ্চে উঠেছেন খালেদা জিয়া
খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ
রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে: খালেদা জিয়া
