সাতরু আনজাকি নামে এক জাপানি ব্যবসায়ী শেষ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত । পৃথিবীতে আর খুব বেশিদিন আয়ু নেই, তিনি এটা ভালভাবেই বুঝতে পেরেছেন এই ধনকুবের। আর তাই শেষ দিনগুলোকে স্মরণিয় করে রাখতে প্রায় এক হাজার অতিথি ডেকে ‘জীবনের শেষ পার্টি’ আয়োজন করলেন।
গত সোমবার সেই জাপানি ধনকুবের অনুষ্ঠানটির ওই আয়োজন করেন। পার্টিতে বন্ধুবান্ধব, স্কুলের সহপাঠী, ব্যবসায়িক অংশীদার ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের আমন্ত্রণ জানান। খবর বিবিসি।
মেশিনারি জায়ান্ট কোমাত্সুর সাবেক প্রেসিডেন্ট সাতরু আনজাকির গলব্লাডারে ক্যান্সার ধরা পড়ে। চিকিত্সকরা জানান, ক্যান্সারটি ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেছে এবং চিকিত্সা গ্রহণে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে।জীবনের এ সংকটময় মুহূর্তে মুষড়ে পড়েননি ৮০ বছর বয়সী আনজাকি। তিনি তার বিশাল কর্মময় জীবনকে উদযাপন ও বিশাল বন্ধু মহলকে কৃতজ্ঞতা জানানোর জন্য জীবিত থাকা অবস্থাতেই একটি বিশেষ পার্টি আয়োজনের পরিকল্পনা হাতে নেন।
সোমবার জীবনের শেষ পার্টি আয়োজন করে সাংবাদিকদের বলেন, ‘জীবনে যাদের সঙ্গে মিশেছি, তাদেরকে ধন্যবাদ জানাতে পেরে আমি সন্তুষ্ট।’ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘আমি আমার বাকি দিনগুলো ভালোভাবে কাজে লাগাতে চাই। এজন্য পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত চিকিত্সা গ্রহণ করতে চাচ্ছি না।’
গত ২০ নভেম্বর পত্রিকায় একটি বিজ্ঞাপনের মাধ্যমে এ পার্টির কথা ঘোষণা করেন সাতরু আনজাকি। তার এ ব্যতিক্রমী পরিকল্পনার খবরটি অনলাইনে ভাইরাল হয়ে যায়। এ সাহসী পরিকল্পনার জন্য তাকে অনেকে অভিনন্দন জানান। আবার অনেকেই পার্টিতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
জীবনের এ শেষ পার্টিটি আয়োজনের জন্য টোকিওর একটি হোটেল ভাড়া করেন তিনি। তার সারা জীবনের স্মৃতি দিয়ে অনুষ্ঠানস্থলটিকে সাজানো হয়। ব্যতিক্রমী পার্টিটির আরেকটি চমক ছিল নাচ-গানের আয়োজন। পার্টিটি যেন বিষাদপূর্ণ না হয়, এজন্য নিজের জন্মশহর তকুশিমা থেকে নৃত্যশিল্পীদের একটি দলকে আমন্ত্রণ করেন আনজাকি।
