পিএসসি-জেএসসিতে শীর্ষে বরিশাল




জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসিতে দেশের ৭ বিভাগের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি বরিশালে। এবার এ বোর্ডে জেএসসিতে ৯৬ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী ও পিএসসিতে  ৯৬.২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
পিএসসিতে জেলা বিবেচনায় প্রথম হয়েছে গোপালগঞ্জ, এ জেলার পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে ৮৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করায় ঝালকাঠি এবং ৫০৮ উপজেলার মধ্যে ৭১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করায় যশোর জেলার কেশবপুর উপজেলা রয়েছে সবার নিচে।
এদিকে গত শনিবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম জেএসসির ফল সম্পর্কে বলেন, এবার বোর্ডে পাসের হার এবং জিপিএ ৫ দুটোতেই এগিয়ে আছে মেয়েরা। এ বছর এক লাখ ১৮ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে এক লাখ ১৪ হাজার ৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৫৩ হাজার ২২৯ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা ৬০ হাজার ৪০৬ জন।
এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন। এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৩ হাজার ২০৮ জন আর ছাত্রী ৫ হাজার ২২৩ জন। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ৩৮ ভাগ।
প্রকাশিত এ ফলে এবার আট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৬৫। এর মধ্যে ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৬৬, রাজশাহীতে ৯৫ দশমিক ৫৪, কুমিল্লায় ৬২ দশমিক ৮৩, যশোরে ৮৩ দশমিক ৪২, চট্টগ্রামে ৮২ দশমিক ১৭, সিলেটে ৮৯ দশমিক ৫৩, দিনাজপুরে ৮৮ দশমিক ৩৮ এবং মাদ্রাসা বোর্ডে ৮৬ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।