জ্বালানি তেলের উত্তোলন বেড়েছে



জ্বালানি তেল উত্তোলন খাতে ২০১৭ সালজুড়ে প্রবৃদ্ধির দেখা মিলেছিল। চলতি বছরের শুরুতেও এ ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন আগের মাসের তুলনায় ছয় লাখ ব্যারেল বেড়েছে। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ লাখ ৬৪ হাজার ব্যারেলে। ২০১৭ সালের ডিসেম্বরে দেশটিতে প্রতিদিন গড়ে ৯৯ লাখ ৫৮ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। সে হিসাবে, এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সক্রিয় কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন বেড়েছে ছয় লাখ ব্যারেল। গত বছরের নভেম্বরে দেশটিতে প্রতিদিন গড়ে ৯৩ লাখ ১৮ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন হয়েছিল।
অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে তৃতীয়। গত জানুয়ারিতে প্রকাশিত ইআইএর
শর্ট-টার্ম এনার্জি আউটলুকের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের দৈনিক গড় পরিমাণ ১ কোটি ব্যারেলের সামান্য নিচে ছিল। চলতি বছর এর পরিমাণ বেড়ে ১ কোটি ২ লাখ ২৭ হাজার ব্যারেলে দাঁড়াতে পারে। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের গড় উত্তোলন ১ কোটি ৮ লাখ ৫০ হাজার ব্যারেল ছাড়িয়ে যেতে পারে। এর আগে ১৯৭০ সালে দেশটিতে জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন রেকর্ড ছুঁয়েছিল। এ সময় যুক্তরাষ্ট্রের সক্রিয় কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৯৬ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল।