২০১৮ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়বে বলে আশা করছে উৎপাদক দেশগুলোর জোট ওপেক। একই সঙ্গে উৎপাদন হ্রাস চুক্তি বাস্তবায়নের ফলে পণ্যটির বৈশ্বিক সরবরাহ চাপ কমে বাজারে ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করছে সংগঠনটি।
গত বুধবার প্রকাশিত ওপেকের জ্বালানি তেল-সংক্রান্ত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পরিশোধিত জ্বালানির নিম্ন মজুদে বাজার চাঙ্গা হতে পারে। শীতল আবহাওয়া পণ্যটির চাহিদা বাড়াতে সহায়তা করবে।
আগামী বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার প্রাক্কলন সংশোধন করেছে ওপেক। আলোচ্য সময়ের জন্য দৈনিক ৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রাক্কলন করা হয়েছে, যা পূর্ববর্তী প্রাক্কলনের চেয়ে ২ লাখ ৩০ হাজার ব্যারেল বেশি। এ নিয়ে টানা তৃতীয়বার চাহিদার প্রাক্কলন বাড়ানো হলো।
ওপেক জানিয়েছে, শীত মৌসুম নিকটবর্তী হওয়ায় পরিশোধিত জ্বালানির চাহিদা বাড়বে। এতে দুই বছর ধরে বিরাজমান সরবরাহ চাপ কমে আসতে পারে। উৎপাদন হ্রাসের মাধ্যমে ওপেক ও অন্যান্য উৎপাদক জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ কমাতে সফল হয়েছে।
উৎপাদন হ্রাসের চুক্তি অনুযায়ী জ্বালানি তেলের দৈনিক উৎপাদন ১২ লাখ ব্যারেল কমানোর লক্ষ্য নিয়েছে ওপেক। তবে জোটভুক্ত হয়েও লিবিয়া ও নাইজেরিয়া এ কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছে। রাশিয়াসহ জোটবহির্ভূত দেশগুলো জ্বালানি তেল উৎপাদন ওপেকের অর্ধেক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।
১৪টি উৎপাদক দেশ নিয়ে গঠিত ওপেক জানিয়েছে, গত সেপ্টেম্বরে জোটভুক্ত দেশগুলোয় ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার জ্বালানি তেল উৎপাদন হয়েছে, যা ২০১৮ সালের জন্য প্রাক্কলিত চাহিদার চেয়ে কম। এ সময় উৎপাদন বেড়েছে প্রায় ৮৯ হাজার ব্যারেল।
ওপেক ও এর মিত্র দেশগুলো পণ্যের মজুদ পাঁচ বছরের গড়ের নিচে নামিয়ে আনতে চায়। এজন্য দেশগুলোর সরকার ২০১৮ সালের মার্চে শেষ হতে যাওয়া উৎপাদন হ্রাসের চুক্তির মেয়াদ বাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রতিদেনে জানানো হয়, গত আগস্টে উন্নত দেশগুলোয় জ্বালানি তেলের মজুদ ২ কোটি ৪৭ লাখ ব্যারেল কমে ২৯৯ কোটি ৬০ লাখ ব্যারেলে নেমে এসেছে। পণ্যটির এ মজুদ পাঁচ বছরের গড়ের চেয়ে ১৭ কোটি ১০ লাখ ব্যারেল বেশি।
ওপেকের সর্বশেষ প্রাক্কলনে জোটবহির্ভূত দেশগুলো থেকে জ্বালানি তেল সরবরাহ ৯ লাখ ৪০ হাজার ব্যারেল বাড়বে বলে জানানো হয়েছে, যা আগের প্রাক্কলনের চেয়ে ৬০ হাজার ব্যারেল কম।
প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে শেল অয়েলের (পাথরের খাঁজে আটকে থাকা খনিজ তেল) উৎপাদন বাড়লে বাজার বিপত্তির মুখে পড়তে পারে। পণ্যের উচ্চমূল্য ও উৎপাদন খরচ কমানো না গেলে আগামী বছরের জন্য জ্বালানি তেল সরবরাহ প্রাক্কলন কমিয়ে আনতে হবে। আগামী বছর জ্বালানি তেল ৫০ থেকে ৫৫ ডলারে কেনাবেচা হতে পারে। দাম এ সীমার উপরে উঠলে যুক্তরাষ্ট্রের উৎপাদকরা খনি থেকে উত্তোলন বাড়িয়ে দেবে। দাম না বাড়লে মূলধন ব্যয় বাড়বে। এতে তারা উৎপাদন কমিয়ে দিতে পারে।
তিন বছর আগে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ায় বিশ্ববাজারে সরবরাহ চাপ সৃষ্টি হয়। ওপেক ও অন্যান্য উৎপাদক এ চাপ কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণত ওপেক জ্বালানি তেলের মূল্য প্রাক্কলন করে না। তাই খাত-সংশ্লিষ্টরা প্রতিবেদনে উল্লিখিত তথ্যকে প্রাথমিক অনুমান হিসেবে গণ্য করছেন।
