আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমাতে তত্পর রয়েছে পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলো। রাশিয়াসহ ওপেক-বহির্ভূত ১০টি দেশ এ উদ্যোগে সমর্থন দিয়ে পণ্যটির উত্তোলন কমাতে কাজ করছে।
মূলত উত্তোলন কমিয়ে পণ্যটির দরপতনের লাগাম টানতে চায় সংশ্লিষ্ট দেশগুলো। এর পরও চলতি বছরের সেপ্টেম্বরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক দৈনিক গড় উত্তোলন গত মাসের তুলনায় ৫০ হাজার ব্যারেল বেড়েছে বলে রয়টার্সের এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। মূলত ইরাক ও লিবিয়ার কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বেশি হওয়ার জেরে পণ্যটির বৈশ্বিক উত্তোলন বেড়েছে। এ কারণে ওপেকের চুক্তির শর্ত পূরণ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্স ও মার্কেট ওয়াচ।
বাড়তি সরবরাহ চাপে ২০১৪ সালের শেষ সময় থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন শুরু হয়। দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ওঠা-নামা বজায় রয়েছে। বর্তমানে পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের উপরে অবস্থান করছে, যা ওপেকের কাঙ্ক্ষিত মাত্রার তুলনায় বেশ কম। পণ্যটির ক্রমাগত দরপতন ঠেকাতে জ্বালানি তেল উত্তোলন হ্রাস-সংক্রান্ত চুক্তি করে ওপেক।
শর্তানুযায়ী, স্বাক্ষরকারী দেশগুলো অপরিশোধিত জ্বালানি তেলের সম্মিলিত দৈনিক উত্তোলন চলতি বছরের শুরুর পর্যায় থেকে ১৮ লাখ ব্যারেল কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। এর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ পাঁচ বছরের গড়ের সমপর্যায়ে আসবে বলেও আশা করা হয়। রাশিয়াসহ ওপেক-বহির্ভূত ১০টি দেশ এ চুক্তি মেনে পণ্যটির উত্তোলন কমাতে রাজি হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হয় সংশ্লিষ্ট দেশগুলো। এ কারণে চুক্তির মেয়াদ আগামী বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পর্যন্ত বাড়ানো হয়। তবে ওপেকভুক্ত হলেও সে সময় চুক্তির আওতার বাইরে রাখা হয় লিবিয়া ও নাইজেরিয়াকে। মূলত দীর্ঘদিন অস্থিতিশীলতা বিরাজ করার কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ দিতে এ দুটি দেশকে চুক্তির বাইরে রাখা হয়।
