জ্বালানী তেলের আন্তর্জাতিক বাজারে চাঙ্গাভাব



অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের তুলনায় বেড়েছে। মূলত ভেনিজুয়েলায় বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্বাচনে জয়লাভ ও ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সম্পাদিত পারমাণবিক চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাতিল করার পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনিশ্চয়তার জের ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দামে তেজিভাব দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গতকাল যুক্তরাষ্ট্রের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৭৯ ডলার ৩৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১৭ সেন্ট বেশি। গত সপ্তাহে দেশটির বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৮০ ডলারের উপরে উঠেছিল।
২০১৪ সালের নভেম্বরের পর এটাই জ্বালানি পণ্যটির সর্বোচ্চ দাম। এদিকে গতকাল যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৭২ ডলার ৪৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২৩ সেন্ট বেশি।
ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে আরো ছয় বছরের জন্য নিকোলাস মাদুরো ক্ষমতায় বসেছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন বানচালের পাল্টা অভিযোগ তুলেছেন মাদুরো।
এ কারণে অচিরেই ভেনিজুয়েলার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ওয়াশিংটন। এদিকে ইরানের সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তি বাতিলের পর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।