জয়পুরহাটে আলুর কেজি দেড় টাকা




বিপাকে পড়েছেন জয়পুরহাটের হিমাগার মালিকরা। আলুর দাম ধারণাতীতভাবে পড়ে যাওয়ায় সংরক্ষিত আলুর বিপরীতে হিমাগার থেকে নেয়া ঋণের টাকা ও ভাড়া পরিশোধের ভয়ে ধরা দিচ্ছেন না ব্যবসায়ী ও কৃষকরা। সব মিলিয়ে অন্তত ১৮ কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন হিমাগার মালিকরা।
এ বিষয়ে হিমাগার মালিকরা জানান, লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়ী ও কৃষকদের বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা ১৬ শতাংশ সুদহারে আগাম পরিশোধ করেছেন তারা। কিন্তু এখন ব্যাপক হারে দাম পড়ে যাওয়ায় কেউ আলু তুলতে আসছেন না। অনেকে গাঢাকা দিয়েছেন। এই টাকা তুলতে না পারলে তাদের বিপুল অংকের লোকসান গুনতে হবে।
জেলা কৃষি বিভাগ জানায়, আলু সংরক্ষণের জন্য জেলায় ১৬টি হিমাগার রয়েছে, যেখানে অন্তত ১৬ লাখ বস্তা আলু সংরক্ষণ করা সম্ভব। স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও হিমাগার কর্তৃপক্ষ জানায়, গত বছর আলুর বাম্পার ফলন হয়। আলুচাষী ও ব্যবসায়ীরা অধিক লাভের আশায় আলু বিক্রি না করে কোল্ড স্টোরেজগুলোয় সংরক্ষণ করেন। তাছাড়া ব্যবসায়ীরা নিজের পুঁজি ছাড়াও হিমাগারে সংরক্ষিত আলুর বিপরীতে মোটা অংকের ঋণ নেন। ঋণের টাকায় অতিরিক্ত আলু কিনে রাখেন। এতে গত বছরের তুলনায় এবার হিমাগারগুলোয় আলুর পরিমাণও বেড়েছে।
অনুসন্ধানে জানা যায়, হিমাগার মালিকরা কৃষক ও ব্যবসায়ীদের ঋণ দিয়ে সুদ ও অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল নিয়েছিলেন। আলুচাষী ও ব্যবসায়ীদের ঋণ দিয়ে হিমাগারে অতিরিক্ত আলু সংরক্ষণের ব্যবস্থা করেন তারা। কিন্তু আলুর চরম দরপতনের কারণে হিমাগারগুলোয় এখন কৃষক ও ব্যবসায়ীরা আর আলু তুলতে যাচ্ছেন না।
জেলার কোল্ড স্টোরেজগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর এ সময়ে প্রতিটি হিমাগারে কৃষক ও ব্যবসায়ীদের সংরক্ষণকৃত আলুর বস্তা বের করে দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল স্টোরেজের শ্রমিক-কর্মচারীদের। কিন্তু এ বছরের চিত্র সম্পূর্ণ বিপরীত। বিভিন্ন হিমাগারে কৃষক ও ব্যবসায়ীদের উপস্থিতি নেই বললেই চলে। সংরক্ষিত আলুর সিকি পরিমাণও এখন পর্যন্ত বের হয়নি।
হিমাগার মালিক ও ব্যবসায়ীরা জানান, বর্তমানে গ্র্যানোলা (সাদা) জাতের আলু প্রতি বস্তা (৮৪ কেজি) ১২০ থেকে ১৫০ টাকায়, কার্ডিনাল ও স্টিক (লাল) জাতের আলু প্রতি বস্তা ৩৭০ থেকে ৫০০, ডায়মন্ড (সাদা) জাতের আলু প্রতি বস্তা ৪৫০ থেকে ৪৮০, দেশী পাকরি (লাল) জাতের আলু প্রতি বস্তা ৪০০ থেকে ৪২০, রুমানা (পাকরি) জাতের আলু প্রতি বস্তা ২৮০ থেকে ৩০০ ও ক্যারেজ আলু প্রতি বস্তা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক আলু ব্যবসায়ী জানান, চলতি মৌসুমে তিনি এক হিমাগারে ৩০ হাজার বস্তা আলু সংরক্ষণ করে এর বিপরীতে ঋণ নেন। আলুর দরপতনের কারণে এখনো তার ১২ হাজার বস্তা আলু অবিক্রীত রয়েছে। ঋণ পরিশোধের ভয়ে তা তুলতে যাননি। আলু সংরক্ষণকারী একাধিক কৃষকও একই কথা বলেছেন।