জয়া এবং বিদ্যা দুজনই অভিনয়ের ক্ষেত্রে জনপ্রিয় নাম। একজন বলিউড অভিনেত্রী, অন্যজন বাংলাদেশি। তবে কলকাতার সিনেমায়ও শক্তিশালী অবস্থান করে নিয়েছেন জয়া। সেখানেও তার অর্জন কম নয়। এবার জয়া আহসানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।
সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’ দিয়ে শুরুটা হয়েছিল, তবে এবার ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’ দেখে জয়ার প্রশংসায় ভাসলেন বিদ্যা বালান।
সম্প্রতি নিজ বাড়িতে বসে নাকি ‘ভালবাসার শহর’ দেখেছেন বিদ্যা। ছবিটি দেখার প্রতিক্রিয়া জানাতে গিয়েই এলো জয়ার অভিনয় প্রসঙ্গ।
বিদ্যা বালান বললেন, ‘অন্নপূর্ণা দাসের চরিত্রে কী অপূর্ব অভিনয় করেছে জয়া আহসান! একটি সাধারণ মেয়ে, যে মুসলিম ছেলের উপর ভরসা করে ঘর ছেড়েছিল, শহর ছেড়ে বহু দূর দেশ সিরিয়ার হোমস শহরে চলে গিয়েছিল। সেই দুঃসাহসী মেয়ের জীবনে নেমে এল অন্ধকার। যুদ্ধের সময়ে নিরুদ্দিষ্ট স্বামী, মৃতপ্রায় ছোট্ট মেয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে এক নারীর কী অসমসাহসী লড়াই দেখাল ‘ভালবাসার শহর’, বলে বোঝানোর ক্ষমতা নেই আমার! কী অভিনয় করে দেখালেন জয়া!’
বিদ্যা আরও বলেন, ‘জয়ার অভিনয় আমি দেখেছি ‘রাজকাহিনী’ ছবিতে। ওর মতো শক্তিশালী অভিনেত্রী আমি খুব কমই দেখেছি। জযার জন্যে আমার পক্ষ থেকে অনেক হাততালি পাওনা রইল।’
