নতুন বছরে কোপা দেল রের শেষ ষোলার প্রথম লেগে দ্বিতীয় সারির দল নুমানসিয়াকে হারিয়েছে জিনেদিন জিদানের দল।
বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে স্প্যানিশ কাপের ম্যাচে রিয়ালের ৩-০ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে দুটি গোল করেন তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল ও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ইসকো। যোগ করা সময়ে অন্য গোলটি করেন বোরহা মায়োরাল।
স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ম্যাচে দ্বিতীয় সারির দল নামান জিদান। ক্লাসিকোয় বার্সেলোনার কাছে শেষ ম্যাচে ৩-০ ব্যবধানে হারা দলটির শুরুর একাদশ থেকে আনেন ১০টি পরিবর্তন। বেশিরভাগ সময় বল ধরে রাখা অতিথিদের ভুগিয়েছে ফিনিশিংয়ে ব্যর্থতা।
এদিকে লা লিগার ম্যাচে বার্সেলোনার মাঠ কাম্প নউ থেকে ড্র করে ফিরেছিল সেল্তা ভিগো। এবার স্প্যানিশ কাপের ম্যাচে নিজেদের মাঠে কাতালান দলটিকে রুখে দিল দলটি।
বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে গত দুই আসরে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদকে বিদায় করে দেওয়া সেল্তার বিপক্ষে বার্সেলোনা খেলতে নামে লিওনেল মেসি-লুইস সুয়ারেসকে ছাড়া। উসমানে দেম্বেলের চোট কাটিয়ে ফেরার ম্যাচে অসংখ্য সুযোগ হাতছাড়া করে জেতা হয়নি এই টুর্নামেন্টের সফলতম দলটির।
