জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ কে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকল সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি শেষে জয় বাংলা স্লোগান দিতে নির্দেশনা জারি করেন আদালত।
এছাড়াও, জাতীয় অনুষ্ঠানের বক্তব্যের শেষে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতে হবে মর্মে তিন মাসের মধ্যে রায় বাস্তবায়ন করে রিপোর্ট দিতে বলা হয়েছে
এর আগে ২০১৭ সালের ৪ ডিসেম্বর জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। পরে ওই রুলের ওপর ২০১৯ সালের ৪ ডিসেম্বর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়।
শুনানিতে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, আজমালুল হক কিউসি ও এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে আদালতে তাদের মতামত তুলে ধরেন।
সেইসাথে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগানো স্লোগান ‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না-এ মর্মে জারি করা রুলের ওপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান বাংলায় এ রায় ঘোষণা শুরু করেন।
উল্লেখ্য, জয়বাংলা স্লোগান, ৭ই মার্চের ভাষণ প্রচার নিষিদ্ধ ছিলো একসময়। ইতিহাস কখনো বিকৃত করে দাবিয়ে রাখা যায়না বলেও রায়ের পর্যবেক্ষণে এই প্রসঙ্গ তুলে ধরেন হাইকোর্ট।

