জাহিদ বিন মনির
ত্রিমোহনী। তিন রাস্তার সমাহার। শহর থেকে পিচ ঢালা রাস্তাটা খানিকটা বেঁকে ধীরে ধীরে মেঠো পথ হয়ে গ্রামের ভেতর চলে গেছে। অন্য রাস্তাটি ৩০ ডিগ্রি কোণ করে জেলে পাড়া হয়ে সোজা নদীর পাড়ে গিয়ে ঠেকেছে। জেলে পাড়ার পরেই দুই গ্রামের ঈদগাহ আর কবরস্থান। তারপর কিছু দূর এগোলেই নদীর ধারে শ্মশান ঘাট।
কেন জানি ত্রিমোহনীতে এলেই গ্রামের পথটার চেয়ে জেলে পাড়ার পথটাই আমাকে বেশি টানে। যদিও গ্রামের দক্ষিণ পাড়ায় আমার নানার বাড়ি। জেলে পাড়ার সাথে কোন রক্তের সম্পর্ক নেই। আমি মাঝে মাঝেই এখানে আসি। এবার এখানে আসা নিয়ে মা আনেক আপত্তি করেছিল। তবুও আমি জোর করে এসেছি। গত পরশুই আসতাম কিন্তু ডাক্তার দেখাতে গিয়ে দেরি হলো।
জেলে পাড়ার, রাস্তাটার করুণ দশা। রাস্তা না বলে মাটির ঢেউ বলা চলে। ওদের বাড়ি-ঘরের অবস্থাও রাস্তটার মতোই। টিনের বেড়ায় মরচে ধরতে ধরতে গোলাকার জানালা হয়ে গেছে। সিধু কাকার বাড়িটা পাড়ার শুরুতেই। কাকার একটাই ছেলে বিসু দা। কাকী মারা গেছে। সংসারের তৃতীয় ব্যাক্তি ঠাম্মা। রেসমী দেবী । কাকার মা। শোনা যায় বুড়ীর বয়সে বড় কেউ আশে পাশের পাঁচ গ্রামে নেই। তবুও এখনো তার পঞ্চইন্দ্রিয় যথেষ্ট কাজ করে। শুধু শরীরটা অচল প্রায়। ও বাড়িতে গেলেই কলকাতার বাংলা ভাষার ঢং-এ বলবে- এসেছো বাবু, বোসো, বাড়ির সব্বাই ভালো আছে তো?
এই পরিবারটির সঙ্গে আমার পরিচয় হয়েছে মায়ের বদৌলতে। নানা বাড়ি এলেই মায়ের প্রিয় মাছ এদের কাছ থেকেই সংগ্রহ করতে হয়। মার কাছে পিইলি মাছের চেয়ে স্বাদের মাছ আর হয়ই না। এখানে এলে যাবার দিন কাকা যত্ন করে মাছের পুটলিটা ধরায়ে দেন। কখনো আমি না গেলে দাদাকে দিয়ে নানু বাড়ি পাঠিয়ে দেন। বুড়িটার সাথে আমার বেশ খাতির। বাড়িতে গেলেই তার সাথে জমিয়ে আড্ডা দেই। গল্প শুনি । এ গ্রামের, ওপাড়ায় যত গল্প বুড়িটা আমাকে বলার জন্য জমিয়ে রাখে। গতবার গল্প শুনছিলাম।
নানা বাড়ির পশ্চিমের মতিন চাচার বাড়ির গল্প। বাড়িটা নাকি অনেক পুরনো। বিশেষ করে বাড়ির পেছনের সুপারি বাগান। এল আতকৃতির বাগানটার এক মাথা ঘুরে এপাশের খেলার মাঠের সংঙ্গে মিশেছে। সুপারি বাগান হলেও প্রায়ই সবধরনের গাছই বাগানে দেখা যায়। খুব করে নজরে পরে বিশাল লিচু গাছটা। লিচুর মৌসুমে এই গ্রামের উঠতি বয়সীদের সারাবেলা এই গাছ তলাই দেখা যায়। বড় গ্রুপটা চলে গেলে তারচেয়ে ছোট গ্রুপটা আসে আর পাচ-ছয় বছর বয়সের বিচ্চুবাহীনির সাথে পিচ্চি নাদী গ্রুপটা সারাদিন গাছ তলায়ই থাকে। শুধু ঘুমটা বাড়িতে কেউ কেউ তো সকালের প্রকৃতির ডাকটাও এখানেই সারে।
লিচু নিয়ে মাতামাতির কারণ আছে। সত্যি বলতে এই গাছের লিচুর স্বাদটা বড়ই মুধুর, মুখে নিলে চোখ বুজতেই হবে। এখন এই বাগান ও বাড়ির কোন মলিক নেই । সর্বশেষ ছিলেন মতিন চাচা, লালটুকটুকে ফর্সা আর ছয় ফিট লম্বা মানুষটার কথা ছিল এই লিচুর মতোই মধুর । বেচারা চিরকুমার ছিলেন। বৈরাগী স্বভাবের। শুনেছিলাম, ওনার আসল বাড়ি ঝিনাইদাহতে। গ্রামের হাই স্কুলে মাস্টারি করতে এসে এই বাড়িতেই থাকতেন। বিনা মালিকানায় বিনা ভাড়ায়। কারণ বাড়ির মূল মালিকের সন্ধান আজো পাওয়া যায়নি। কেউ বলে পূর্বে এটা হিন্দু বাড়ি ছিল, কেউ বলে মুসলিম মাতাব্বরের বাড়ি। কারণ উঠানে তুলসি বেদিও আছে আর সামনের বৈঠক ঘরের বেড়ায় একটা তসবিও ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। পুরনো আমলের তসবি।
অবশ্য মতিন চাচা মারা যাওয়ার পর তসবিহটার আর কোন সন্ধান পাওয়া যায়নি। তারপর থেকে বাড়িটায় আর কেউ থাকে না কারো সাহসও হয় কেনার বা দখল করে বেচার। কারণ এ বাড়িতে যত জনই ছিল তাদের হঠাৎ মৃত্যু হয়েছিল। আর যার মৃত্যু যেভবেই হোক একটা মিল ছিল । সবার বাম চোখেই আঘতের চিহ্ন ছিল, তবে এই বাড়িতে থাকা নিয়ে আর কোন ভুতুরে ঘটনা শোনা যায়নি।
বদি পালোয়ান থাকতো এই বাড়িতেই । পাঁচ গ্রামে তার মতো পালোয়ান আর কেউ ছিল না। সেবার নাকি কুস্তি করে ফিরছিল। মদ খাওয়ার অভ্যাস ছিল বোধহয়, খেয়েছিল। লোকটা পালোয়ান হলেও তার স্বভাবটা বেশ ঘরকুণো। কারো সাথে মিশতো না আর অন্য কেউও তার সাথে আগ বাড়িয়ে মেশার সাহস করতো না, পাছে ঘুষি মেরে দাঁত ভেঙে দেয়। ফেরার পর থেকে তার কোন খোঁজ নেই । দুইদিন পর পচা গন্ধ খুজতে গিয়ে তার লাশ পাওয়া যায় সুপারি বাগানে । বাম চোখে মদের বোতল ভাঙা কাঁচ ঢুকানো ।
তার আগে ছিলেন ডাক্তার সিদ্দিকা বেগম। ভদ্র মহিলা কলকাতা থেকে এসেছিলেন। গ্রামে বিনা পয়সায় চিকিৎসা দিতেন। বেচরীর লাশটা পাওয়া যায় বিছানার নিচে উপুর হয়ে আছেন, পাশে ডাক্তারি যন্ত্রপাতি ছড়ানো আর সিজারটা তার বাম চোখে গেঁথে আছে। সর্বশেষ মতিন চাচা । তুলসির বেদিতে হেলান দিয়ে মাটিতে বসে আছেন। নিখুঁত ভাবে বাম চোখটা তুলে ফেলা। সেখানে নাকি রক্তের চিহ্নও ছিল না । এই তিন জন চিরকুমার হলেও এর আগে যে পরিবার এখানে থেকেছে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আরো ভয়ানক । তো গল্প শুনতে শুনতে বিকেল হয়ে গেল। ঠাম্মা আরো কিছু কথা বলেছিলেন। মনে মনে ঠিক করে ছিলাম আমি নিজে গিয়ে এর সত্যতা যাচাই করে দেখব…(চলবে…)
