টমেটোর নিরাপত্তায় সশস্ত্র রক্ষী




বর্তমান যুগে আমরা নিজেদের নিরাপত্তা নিয়েই সন্দীহান। প্রতিদিন পত্রিকার পাতা ভর্তি থাকে খুন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধের খবর। এ অবস্থায় যদি দেখা যায় বন্দুক কাঁধে নিয়ে টমেটো পাহারা দিচ্ছেন সশস্ত্র রক্ষীরা তাহলে তো এটা অবিশ্বাস্য মনে হতেই পারে।
তবে বিশ্বাস না করার কিছু নেই। এমন ঘটনা ঘটেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেই। কেউ যেন টমেটো চুরি করতে না পারে সেজন্যই ‘অদ্ভুত’ এই ব্যবস্থা নিয়েছে মধ্যপ্রদেশ কর্তৃপক্ষ।
রাজ্যে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও টমেটোর মৌসুম নয় এখন। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে কয়েকটি এলাকায় টমেটো ও অন্যান্য শাক-সবজি জমিতেই নষ্ট হয়ে গেছে। ফলে দাম বেড়েছে টমেটো। আর দাম বাড়ার কারণে তা চুরি হয়ে যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় ভারতের অনেক জায়গায় টমেটোর দাম বেড়েছে দ্বিগুণ।
আগে প্রতি কেজি টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ রুপি। আর এখন প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে প্রায় ১০০ রুপিতে। দাম হু হু করে বাড়ার পর বিভিন্ন জায়গায় টমেটো চুরির ঘটনা ঘটে। চলতি মাসেই কয়েক টন টমেটো চুরি হয়েছে বলে জানিয়েছেন চাষী ও ব্যবসায়ীরা।
এমন পরিস্থিতিতেই টমেটো পাহারা দেওয়ার জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েনের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ কর্তৃপক্ষ।
রাজ্যের দেবি আহিল্য বাই হোলকার মার্কেটে ছয়-সাতজন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে টমেটো পাহারার জন্য। বিশেষ করে ট্রাক থেকে যখন টমেটো নামানো হয় তখন যেন কেউ চুরি না করতে পারে সেদিকেই দৃষ্টি রাখছে ওই নিরাপত্তারক্ষীরা।