জাতীয় মুদ্রা টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত করার দাবি তুলেছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ। তবে তার দাবিতে সাড়া না দিয়ে প্রধানমন্ত্রী বলেন, টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে। এরপর রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দেব তোমাকে, ভাগো।’
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ দাবি জানান ।
জামালপুর আওয়ামী লীগের এ নেতা বলেন, তলাবিহীন ঝুড়ি আজকে উপচে পড়ছে। আপনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই উন্নত-স্মার্ট বাংলাদেশ গড়বো আমরা। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে শান্তি পাবো, আরামে ঘুমাতে পারবো। আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি।
আরও পড়ুনঃ দশমবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা; হ্যাটট্রিক ওবায়দুল কাদেরের
জবাবে শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’ এরপর রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দেবো তোমাকে, ভাগো।’
এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের আট বিভাগের দলীয় নেতাদের বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেন। এসময় তাদের বক্তব্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় ও মনোনয়নের বিষয়টি উঠে আসে।

