সম্প্রতি ভারত-চীন সীমান্তে উত্তেজনার কারণে টিকটক (TikTok), হেলো, শেয়ারইট, ইউসি ব্রাউজার-সহ মোট ৫৯টি মোবাইল অ্যাপ্লিকেশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার।
এদের মধ্যে শুধু টিকটকের ইউজার সংখ্যা ১১ লাখেরও বেশি। অ্যাপটির মোট ডাউনলোডের ৩০ শতাংশ শুধুমাত্র ভারতেই। এবার নিজেদের তৈরি অ্যাপ নিয়ে এসেছে। এমনই বেশ কিছু অ্যাপের সন্ধান রইল নীচে-
মিত্রোঁ (Mitron)

অনলাইনে মজার মজার ভিডিও তৈরি করার ডিজিটাল সুযোগ করে দেয় এই মিত্রোঁ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ভিডিও বানিয়ে, এডিট করে অনলাইনে পোস্টও করা যাবে। ইতোমধ্যে ২ কোটি ১০ লাখ ডাউনলোড হয়েছে অ্যাপটি। গত দু’মাসে ভারতে ৪ কোটি ভিডিও ভিউ অর্জন করেছে মিত্রোঁ অ্যাপ।
ট্রেল (Trell)

‘ভিডিও পিনটারেস্ট ফর ভারত’ এই নামেই এর আগে পরিচিত ছিল এই অ্যাপটি। বর্তমানে ট্রেল নামেই ক্রমশ জনপ্রিয় হচ্ছে গো-টু প্ল্যাটফর্ম এই অ্যাপ। সম্পর্ক, স্বাস্থ্য, সৌন্দর্য থেকে মুভি রিভিউ, বেড়ানো, টেক বিভিন্ন বিষয়ে ডিজিটাল আড্ডার প্ল্যাটফর্ম এই ট্রেল। লাইফস্টাইল ব্লগিং প্ল্যাটফর্মে ৩-৫ মিনিটের ভিডিও পোস্ট করা যাবে। এছাড়াও দৈনিক পুরস্কার জেতার বন্দোবস্তও রয়েছে। এছাড়াও ফ্রি লাইফস্টাইল অ্যাপের তালিকায় ১ নম্বরে ট্রেন্ডিং করছে ট্রেল (Trell)।
রুটার (Rooter)

খেলার জন্য কোনও অ্যাপ খুঁজছেন? তাহলে রুটার (Rooter) চেষ্টা করে দেখতে পারেন। খেলা ও গেমিং সম্পর্কিত তথ্যের জন্য এই অ্যাপের জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও লাইভ কুইজ খেলা যায় এখানে। ১০টি ভারতীয় ভাষায় ব্যবহার করা যায় অ্যাপটি।
খবরি (Khabri)

১০ লাখের বেশি ডাউনলোড রয়েছে খবরি অ্যাপের। এটি বিশেষত একটি পডকাস্ট অ্যাপ্লিকেশন। ইতোমধ্যেই ৪০ হাজারের বেশি ইনফ্লুয়েন্সার যোগ দিয়েছেন অ্যাপটিতে। নতুন ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে ‘খবরির সঙ্গে জিতুন’ (Earn With Khabri) উদ্যোগও নিয়েছেন অ্যাপ নির্মাতারা।
শেয়ারচ্যাট (Sharechat)

দৈনিক হোয়াটসঅ্যাপ মেসেজ শেয়ারের একটি মাধ্যম। সম্পূর্ণ মেড-ইন-ইন্ডিয়া এই অ্যাপটি ১৫টি ভারতীয় আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যায়। এখানে পোস্টার, ইমেজ, অডিও, GIF এবং আরও অনেক কিছু শেয়ার করতে পারেন ইউজাররা।
সূত্র: এই সময়।

