করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছরের জন্য পিছিয়ে যেতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৃহস্পতিবার বোর্ডগুলোর সঙ্গে বিশেষ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র দাবি করেছেন– এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।
আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের জেরে এ নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আজকের বৈঠকেই তা চূড়ান্ত হয়ে যেতে পারে। স্থির হয়ে যেতে পারে বিশ্বকাপের ভবিষ্যৎ। ২০২২ সালের এই সময়ে তা মাঠে গড়াতে পারে। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ইভেন্ট স্থগিত ঘোষণা করা হয় কিনা, সেটিই দেখার।
আইসিসির অন্যতম প্রভাবশালী সদস্য বলেন, বৃহস্পতিবারের বোর্ড মিটিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে।
প্রশ্ন শুধু– টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত এখনই ঘোষণা করা হবে কিনা? যথাসময়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। আপাতদৃষ্টিতে মনে হয় না, আইসিসি কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সে রকম কিছু ভাবছে।
তথ্যসূত্র: পিটিআই/হিন্দুস্তান টাইমস

