টুইটার প্রেসিডেন্ট হতে সাহায্য করে!




প্রেসিডেন্ট হতে হলে টুইটার অ্যাকাউন্ট লাগে। কথাটি গুজব নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এমনটিই বলেছেন। কি ভাবছেন এ কেমন খ্যাপাটে কথা, হবে নাই বা কেন বলেছেন যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তবে তার যুক্তি অন্যরকম।
নির্বাচনের আগে সংবাদমাধ্যম আর বিরোধী পক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে মাইক্রোব্লগিং সাইট টুইটারকে ব্যবহার করতেন তিনি। যে কারণে বেশ সমালোচিতও হন। আর এই বিষয়ে আত্মপক্ষ সমর্থনে তিনি সন্দেহ করেন, টুইটার ছাড়া তিনি নির্বাচনে জয়ীও হতে পারতেন না।
ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনাদের কাছে একদম সৎভাবে বললে, আমার সন্দেহ আছে সামাজিক মাধ্যম না থাকলে আমি এখানে থাকতাম কিনা।”
এসময়, ফেইসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম-এ নিজের অ্যাকাউন্টগুলোকে “একটি চমৎকার প্লাটফর্ম” বলে আখ্যা দেন ট্রাম্প।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, কয়েকজন নেতা ট্রাম্প-কে টুইটারের ব্যবহার এড়াতে বা কমাতে অনুরোধ করেছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নিজেও স্বীকার করেছেন যে, তার কিছু বন্ধু তাকে সামাজিক মাধ্যম ব্যবহার না করতে পরামর্শ দিয়েছেন। বর্তমানে ট্রাম্প-এর টুইটার অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৪.০৯ কোটি।