এবার এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। জানা গেছে, কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ক্যাম্পে ফেরার পথে ছুরিকাঘাত করে এক রোহিঙ্গা চালকের থেকে ইজিবাইক (টমটম) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অপর এক চালকের সহায়তায় ওই ইজিবাইক চালককে এনজিও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা স্টেশন থেকে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের (এফসিএন নং-৪০২৮৯৮) ব্লক নং-বি, রোম নং-২০ এর বাসিন্দা হামিদ হোছাইনের ছেলে ইজিবাইক চালক সলিম উল্লাহ (১৮) ক্যাম্পে যাচ্ছিল।
ফেরার পথে সৌর বিদ্যুৎ সংলগ্ন আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে একদল দুর্বৃত্ত পথ গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আরো একটি ইজিবাইক আসার সময় রক্তাক্ত এই চালককে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নিয়ে যায়। এই খবর পেয়ে রোহিঙ্গারা জড়ো হয়ে হাসপাতালে এক নজর দেখার জন্য ছুটে যায়। নিহত রোহিঙ্গা চালকের মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক মাঝি মোঃ ইলিয়াছ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

