টেকনাফ উপজেলার নাফ নদী দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নৌকা ডুবে অন্তত ১৯ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মাঝেরপাড়া পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান বলেন, ‘মৃতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা। এদের মধ্যে ১০ জন শিশু, বাকি নয় জন নারী। নাফ নদীতে বেশ কয়েকটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।’
সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গাদের নিয়ে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের পর শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ও মাঝারপাড়ায় সাগর তীরের কাছে দুটি নৌকা ডুবে যায়। এ সময় বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
