এবার ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এর আগে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছিলো বাংলাদেশ। আগের দুই ম্যাচে ১০ উইকেট ও ১০৪ রানে হারের পর শেষ ওয়ানডেতে ২০০ রানের পরাজয় দেখল টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৭০ রান তাড়া করতে গিয়ে যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পড়ছিলেন, তখন শক্ত হাতে দলকে টেনে নিতে শুরু করেন সাকিব আল হাসান। দলের বিপর্যয়ের সময় করেন একটি হাফসেঞ্চুরিও। তবে দলকে খুব বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ৬৩ রানেই সাজঘরে ফিরতে হয়েছে বাংলাদেশী অলরাউন্ডারের। এটি বাংলাদেশের পক্ষে এ ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
সাকিবের পর সর্বোচ্চ ৩৯ রান করেন সাব্বির রহমান। এরপর বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য কোনো রান করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্যাটারসন একাই নেন ৩ উইকেট। আর পার্টটাইম বোলার এইডেন মার্করাম ৩ ওভার করে ২ উইকেট নিয়েছেন। এই নিয়ে ওয়ানডেতে চতুর্থবার ২০০ বা তার বেশি ব্যবধানে হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বার। ২০১১ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হার ছিল ২০৬ রানের। তবে এই ফলের চেয়েও বড় হতাশা, একটি ম্যাচেও ন্যূনতম লড়াই করতে পারেনি দল।
দু:স্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফরে বাকি আছে এখন কেবল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এর আগে বাফেলো পার্কে টস জিতে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে করেছিল ৩৬৯ রান। উল্লেখ্য, বাফেলো পার্কে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ১২ বছর ঐ রানই ছিল এ মাঠের সর্বোচ্চ।
পুরোনো রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড গড়ছে প্রোটিয়ারা। নতুন রেকর্ড গড়ে বাংলাদেশকে ৩৭০ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। এই মাঠেরই সর্বোচ্চ না। বাংলাদেশের বিপক্ষেও সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। ২০০৮ সালে বেনোনিতে ৩৫৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ৯ বছর পর নতুন উচ্চতায় উঠল প্রোটিয়ারা। ৬ উইকেটে ৩৬৯ রান করেছে ফাফ ডু প্লেসির দল। যা বাংলাদেশের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ।
