র্যাংকিংয়ের নতুন আপডেটে অস্ট্রেলিয়াকে সুসংবাদ দিলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারত ও পাকিস্তানকে হটিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বর দল এখন অস্ট্রেলিয়া। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
শুক্রবার (১ মে) ক্রিকেট র্যাংকিংয়ের নতুন আপডেট প্রকাশ করে আইসিসি।
২০১৬ সালের অক্টোবর থেকে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ছিল ভারত। প্রায় চার বছর পর তাদের তিন নম্বরে নামিয়ে দিয়েছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
শীর্ষে ওঠা অস্ট্রেলিয়ার রেটিং ১১৬ এবং নিউজিল্যান্ডের রয়েছে ১১৫ পয়েন্ট। ভারত খুইয়েছে ২ রেটিং পয়েন্ট, ১১৪ রেটিং নিয়ে তাদের অবস্থান এখন তৃতীয়।
অন্যদিকে টি-টোয়েন্টিতে প্রায় ২৭ মাস ধরে শীর্ষে ছিল পাকিস্তান। তাদের আধিপত্যের ইতি ঘটিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। বর্তমানে তাদের রেটিং ২৭৮। অন্যদিকে ১০ পয়েন্ট হারিয়ে পাকিস্তান নেমে গেছে চার নম্বরে। তাদের বর্তমান রেটিং ২৬০।
শীর্ষস্থানে রদবদল ঘটেনি ওয়ানডে ফরম্যাটে। উল্টো তিন রেটিং পয়েন্ট বাড়িয়ে ১২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
টেস্টে ৫ রেটিং হারিয়েছে বাংলাদেশ। যদিও এখনো নয় নম্বরেই রয়েছে টাইগাররা। ওয়ানডেতে বেড়েছে ১ রেটিং পয়েন্ট, বর্তমানে ৮৮ রেটিং নিয়ে অবস্থান সপ্তম। তবে টি-টোয়েন্টিতে ২২৯ রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছে বাংলাদেশ।

