ট্রাম্পকে কিমের চিঠি




উত্তর কোরিয়ার প্রতিনিধিদল হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাদের নেতা কিম জং উনের লেখা একটি চিঠি হস্তান্তর করবে।
আজ শুক্রবার চোল নেতৃত্বাধীন দলটির হোয়াইট হাউজে যাওয়ার কথা রয়েছে।
কিমের ‘ডানহাত’ হিসেবে পরিচিত জেনারেল কিম ইয়ং চোল নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার প্রতিনিধিদলটি চীন থেকে ওয়াশিংটন পৌঁছায়। সেখানে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন। তবে ট্রাম্প ঠিক কখন তাদের ওভাল অফিসে আমন্ত্রণ জানাবেন তা এখনও নিশ্চিত হয়নি বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম নজিরবিহীন সম্মেলন হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলন আয়োজন নিশ্চিত করতেই উত্তর কোরিয়ার প্রতিনিধি দলটি ওয়াশিংটন গেছে। তার আগে মার্কিন একটি প্রতিনিধি দল পিয়ংইয়ং সফর করে এসেছে।
কিমের সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প দেশটিকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে চাপ দিতে চান। তবে তাদের সম্মেলনের আগে দুই দেশের শীর্ষ পর‌্যায়ের কর্মকর্তাদের আরও কয়েক দফা আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমি প্রথম বৈঠকেই এ কাজ শেষ করতে চাই। কিন্তু বেশিরভাগ সময় এভাবে চুক্তিতে উপনীত হওয়া যায় না। প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বৈঠকেও একটি চুক্তি না হওয়ার জোর সম্ভাবনা আছে। তবে কিছু কিছু বিষয়ে নিশ্চিয়ই একমত হওয়া যাবে।”
ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তারা উত্তর কোরিয়ার ‘অ-পারমাণবিকীকরণের’ ক্ষেত্রে ‘লিবিয়ার পথ’ অনুসরণ করা হতে পারে এমনটা বলার পর চলতি মাসের মাঝামাঝি কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল পিয়ংইয়ং।
পিয়ংইয়ংয়ের কড়া প্রতিক্রিয়ার পাল্টায় বৈঠক থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প। পরে দুই পক্ষই বৈঠক আয়োজনে নতুন করে আগ্রহ দেখালে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে বৈঠক নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দেন। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত এ সম্মেলনটি অনুষ্ঠিত হলে তা হবে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার সঙ্গে দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।