ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক




সিঙ্গাপুরের দি ক্যাপেলা হোটেলে বহু আকাঙ্ক্ষিত বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু এই বৈঠকে দুই নেতার আলোচনার বিষয়গুলোই মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে। জানা গেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন তাঁরা।
উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণই ট্রাম্প-কিম বৈঠকের মূল ইস্যু হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করুক। যুক্তরাষ্ট্রের এ চাপ উত্তর কোরিয়া প্রতিরোধ করবে বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু বিনিময়ে তারা কী চাইতে পারে তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।
দুই নেতার মধ্যে তীব্র বাকযুদ্ধের পর ঐতিহাসিক এ বৈঠক দুদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়বে না দীর্ঘদিনের বৈরিতা বয়ে নিয়ে যাবে তা দেখতে বিশ্বের মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন সিঙ্গাপুর।
উভয় নেতা সম্মেলন ‌‘ইতিবাচক হবে’ বলে আশা প্রকাশ করেছেন।
এ সম্মেলন ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের ‘নতুন সম্পর্ক’ স্থাপিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
সম্মেলনে অংশ নিতে রোববার দুপুরের দিকে এয়ার চায়নার একটি উড়োজাহাজে করে কিম সিঙ্গাপুর পৌঁছান। আর কানাডায় জি৭ সম্মেলন শেষ করে সেখান থেকে আকাশপথে ২০ ঘণ্টা ভ্রমণ শেষে ওইদিন সন্ধ্যায় ট্রাম্প সিঙ্গাপুরের পৌঁছান।
সিঙ্গাপুরে পৌঁছানোর পর উভয় নেতাই দেশটির প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সিঙ্গাপুরের বিখ্যাত অর্চাড রোডের সেন্ট রেগিস হোটেলে অবস্থান করছেন কিম। কাছের সাংরি-লা হোটেলে উঠেছেন ট্রাম্প। সিঙ্গাপুরের মূল ভূখণ্ড থেকে কয়েকশ’ মিটার দূরের দ্বীপ সানতোসায় দি ক্যাপেলা হোটেলে বৈঠক করবেন তারা।