বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি। ফলে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারের টিকিট পেয়ে গেল টুখেলের শিষ্যরা।
বুধবার রাতে পিএসজির ঘরের মাঠে ফাঁকা গ্যালারির সামনেই ফুটবলীয় নৈপুণ্যের প্রদর্শনী করেছেন নেইমার, ডি মারিয়ারা।
ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডি মারিয়ার ক্রস থেকে ডাইভিং হেডে জালের ঠিকানা খুঁজে নেন নেইমার। ম্যাচের স্কোরলাইন তখন ১-০ এবং দুই লেগ মিলে সমতা ২-২।
তবে বরুশিয়ার মাঠে এক গোল করার সুবাদে অ্যাওয়ে গোলের ভিত্তিতে কার্যত এগিয়ে ছিল পিএসজিই। ম্যাচে আর কোনো গোল হজম না করলেই কাজ হয়ে যেত তাদের। তবু পুরোপুরি নিশ্চয়তা দরকার ছিলো টুখেলের শিষ্যদের।
প্রথমার্ধের যোগ করা সময়ে পাবলো সারাভিয়া দূরের পোস্টের দিকে বল বাড়িয়ে দিলে আলতো টোকায় সেটি জালে প্রবেশ করান হুয়ান বার্নাট। যার সুবাদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় পিএসজির।

