ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল এবং নতুন নির্বাচনের দাবিতে মামলা করেছেন ওই নির্বাচনে অংশ নেয়া বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সোমবার (২ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলা করেন।
এ ব্যাপারে তাবিথ আওয়ালের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ডিএনসিসি নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আজ সোমবার আদালতে মামলা করেছেন তাবিথ আউয়াল। মামলার বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন। নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের জন্য আদালতে মামলা করেছি।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নৌকা প্রতীকে আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়লাভ করেন। আর ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬৪ হাজার ১৬১টি ভোট পান তাবিথ আউয়াল।

