আজ মঙ্গলবার তিনি নির্বাচন ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। আর ভোট হবে ২৬ ফেব্রুয়ারি।
এই তফসিলে ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন হবে। এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ছয়টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন হবে।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ইসি আপসহীন। এ ছাড়া নির্বাচন করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে এ নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ। এ নির্বাচনকে আলাদা গুরুত্ব দিয়ে দেখবে ইসি।
