চট্টগ্রাম পর্ব শুরুর আগে তামিম ইকবাল বলেছিলেন, ‘ঘরের মাঠে’ সমর্থকদের সমর্থন চান তিনি; তা যতই তিনি এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলুন না কেন। চট্টগ্রামের সমর্থন পেয়েছেন তিনি, যে সমর্থন কুমিল্লার দুর্দান্ত পারফরম্যান্সের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তুলে দিয়েছে তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে।
ঢাকা ডায়নামাইটসকে ১২ রানে হারিয়ে বিপিএলে সবার উপরে এখন কুমিল্লা। ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট কুমিল্লার। যাতে এক ম্যাচ বেশি খেলা খুলনা টাইটানসকে (১৩ পয়েন্ট) নেমে যেতে হয়েছে দ্বিতীয় স্থানে।
মারলন স্যামুয়েলস (৩৯), তামিম ইকবাল (৩৭) ও লিটন দাসের (৩৪) ব্যাটে ভর দিয়ে কুমিল্লা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৬৭ রান। জবাবে ডোয়াইন ব্রাভো (৩/৩১) ও সাইফউদ্দিনের (২/১৮) বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে ঢাকা করতে পারে ১৫৫ রান।
১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা শুরুতেই ধাক্কা খায় এভিন লুইসের আউটে। শোয়েব মালিকের বলে ক্যারিবিয়ান ওপেনার ফেরেন ৬ রান করে। টিকে থাকার চেষ্টা করেও ব্যর্থ হন সাদমান ইসলাম (৯)। সাকিব আল হাসানও টিকতে পারেননি বেশিক্ষণ, ব্রাভোর প্রথম শিকার হয়ে ফেরেন মা্ত্র ৭ রানে। খানিক পর সুনিল নারিনকে (৫) হারিয়ে ম্যাচ আরও কঠিন করে তোলে ঢাকা।
কিয়েরন পোলার্ড ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে তবু আশা বেঁচে ছিল ঢাকার। কিন্তু ভুল বোঝাবুঝিতে মোসাদ্দেক (১৭) রান আউট হলে কুমিল্লা জয়ের সুবাস পেতে থাকে। যদিও পোলার্ড থাকায় ভয়টা ছিলই। কিন্তু ব্রাভোর বলে ২১ বলে ২৭ রান করে এই ক্যারিবিয়ান হার্ডহিটার আউট হয়ে গেলে জয়টা সময়ের ব্যাপার হয়ে যায় কুমিল্লার জন্য। জহুরুল ইসলামের ১৭ রানের ইনিংসটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে ঢাকার।
কুমিল্লার দারুণ জয় পাওয়া এই ম্যাচেই আবার নিজের উদারতা দেখিয়েছেন অধিনায়ক তামিম। ১৮তম ওভারে ব্রাভোর করা দ্বিতীয় বলে রান আউট হলেন কেভন কুপার। রান নিতে গিয়ে ব্রাভোর সঙ্গে ধাক্কা খায় এই ব্যাটসম্যান, যাতে মাটিতে পড়ে যান ব্রাভো। গলায় আঘাত পাওয়া কুপার দাঁড়িয়ে থাকলেও দৌড়ালেন না আর, কারণ ততক্ষণে বুঝে গেছেন রান আউট থেকে আর বাঁচতে পারবেন না তিনি। যদিও আউট হওয়া ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানকে মাঠে ফিরিয়ে এনেছিলেন তামিম।
আরও পড়ুন; বিপিএলে যোগ দিচ্ছেন মোস্তাফিজ
এক নজরে বিপিএল’র সময়সূচী
বিপিএল’এ থাকছে না বরিশাল বুলস
খুলনাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো কুমিল্লা
জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ রংপুরের
