ঢাকায় টিম অস্ট্রেলিয়া




ওরা এসেছে, দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে। টেস্ট সিরিজ খেলতে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় রাত সোয়া এগারোটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে স্মিথ-ওয়ার্নাররা।
ক্রিকেটে প্রভাবশালী দল। তাদের সাথে খেলাটাই একপ্রকার রোমাঞ্চ। তারপর এমন একটি দল, যাদের সাদা পোশাকে অজিদের সাথে খেলারই কোনো অভিজ্ঞতা নেই। তাই সাকিব-তামিম-মুশফিকরা মুখিয়ে আছে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ খেলার।
২০১৫ সালে সিরিজটি হওয়ার কথা থাকলেও, গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে আকস্মিক সিরিজ স্থগিতের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ঘোষণায় স্তম্ভিত হয়ে গিয়েছিল ক্রিকেটপ্রেমী বাংলাদেশের মানুষ। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে বলা হয়েছিল, সুযোগ সময়মত তারা এ সফর করবে।
অবশেষে দুই বছর পর সেই সময় এসেছে। চলতি বছরের এপ্রিলে সফরসূচি চূড়ান্ত হওয়ার পরও সিরিজ নিয়ে সংশয় ছিল ক্রিকেটার ও বোর্ডের বিরোধে। তবে সব বিরোধ মিটিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন বাংলাদেশে।
এই সফর নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই। গত দুই বছরে ওয়ানডের সাথে পাল্লা দিয়ে টেস্টের উর্ধমুখী গ্রাফ আশা দেখাচ্ছে ভালই কিছু করার। তাছাড়া এশিয়াতে অস্ট্রেলিয়ার নাজুক অবস্থায় বাংলাদেশকেই এগিয়ে রাখছে কেউ কেউ। তাই জমজমাট এক সিরিজ দেখার অপেক্ষায় দেশবাসী।
তিন সপ্তাহের এই সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ৪ঠা সেপ্টেম্বর চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।