ঢাকায় ১ হাজার ১৭৪টি স্থানে পশু জবাই




ঈদুল আযহায় পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি অর্থাৎ মোট ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে দুই সিটি করপোরেশন। এসব স্থানগুলোয় পশু কোরবানি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।
এসব পশু জবাইয়ের নির্ধারিত স্থানগুলোতে একজন করে ইমাম এবং একজন প্রশিক্ষিত কসাই থাকবেন। সেখানে প্যান্ডেল এবং পানির ব্যবস্থা থাকবে।
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রায় আড়াই লাখের বেশি পশু কোরবানি হতে পারে বলে ধারণা করছেন করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। ইতিমধ্যে এই স্থানগুলোর ব্যবস্থাপনার জন্য প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
তবে এসব নির্ধারিত জায়গায় মানুষ আসতে চায় না বলে জানিয়েছেন এক ওয়ার্ড কাউন্সিলর।
তিনি বলেন, ‘আমরা গত বছরও করেছি। কিন্তু লোকজন তেমন একটা আসতে চায় না। এবার আমরা ভলান্টিয়ার দিয়ে বাড়ি বাড়ি থেকে ময়লা আবর্জনা আনায় নজর দিচ্ছি।’
নির্ধারিত স্থানগুলোর বাইরেও যে পশু কোরবানি হবে, তা স্বীকার করে নেন সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল।
তিনি বলেন, ‘এত লোককে এইসব স্থানে জায়গা দেওয়া যেমন সম্ভব নয়, আবার সবাই আসবেও না। যারা না আসবে, তারা যেন বাড়িতে কোরবানি করার পরও বর্জ্যটা আমাদের নির্ধারিত জায়গায় ফেলে।’