ঢাকা মেডিকেল কলেজ থেকে সকাল ১০টায় মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আনা হয় আজিমপুর কবরস্থানে। তবে দাফনের আগে গোসলের সময় নড়েচড়ে ওঠে শিশুটি। এরপর আবারও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে আজিমপুর পুরাতন কবরস্থানে এ ঘটনা ঘটেছে।
কবরস্থান সূত্রে জানা গেছে, সকালে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি তার মৃত শিশুকে দাফনের জন্য নিয়ে আসেন। এরপর কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান। এসময় তিনি বাহক শরিফুলের কাছ থেকে অভিভাবকের নাম ঠিকানা লেখার প্রস্তুতি নিচ্ছিলেন। গোসলখানায় জেসমিন আক্তার ঝর্ণা নামে এক নারী নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে। এবার তিনি অফিসে দৌড়ে গিয়ে খবর দিলে মোহরারসহ উপস্থিত সকলে ছুটে যান। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন নবজাতক শ্বাস-প্রশ্বাস নিচ্ছে।
বেলা পৌনে ১১টায় মোহরার হাফিজুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ থেকে সকাল ১০টায় মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আনা হয়। নবজাতককে আবার হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, ঢামেক হাসপাতালের ডেথ সার্টিফিকেটে নবজাতক মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে উল্লেখ করা হয়। এতে নবজাতকের পিতার নাম- মিনহাজ। ঠিকানা- ধামরাই, ঢাকা লেখা হয়েছে।
নবজাতকটিকে এখন ঢাকা শিশু হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। নবজাতকটির স্বজনরা জানান, সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ে শিশুটির জন্ম হয়। পরে সকালে নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর নবজাতকটিকে কবর দেয়ার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান তার স্বজনরা।
মোহরার নিজে নবজাতককে নড়াচড়া করতে দেখেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, তিনি তখন ডেথ রেজিস্টারে তথ্য লিখছিলেন। এ সময় ঝর্ণা এসে নবজাতক নড়াচড়া করছে বললে অভিভাবক দৌড়ে যান। হয়তো তারা নড়াচড়া করতে দেখেছেন বলে হাসপাতালে আবার নিয়ে গেছেন।
এদিকে মৃত ঘোষিত নবজাতকের বেচে ওঠার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।
