আয়াক্সের বিপক্ষে দুই লেগে দুই গোল করেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। তারপরও পারেননি। কোয়ার্টার ফাইনালে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
রিয়াল মাদ্রিদ ছেড়ে নতুন চ্যালেঞ্জের খোঁজে ইতালিতে গিয়েছিলেন রোনালদো। তবে সেই চ্যালেঞ্জ রঙ হারিয়ে হয়ে উঠেছে বিবর্ণ। ৯ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন যে রোনালদো।
চলতি সপ্তাহে ফিওরেন্টিনার বিপক্ষে হার এড়ালেই সিরি আ জিতবে জুভেন্টাস। টানা আটবার ইতালীয় লিগ জিতে রেকর্ড গড়বে দলটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নেওয়া দলটির যে এমন সময় আনন্দ করার উপায় নেই।
টানা চারবার শিরোপা জয়ের পর এ মৌসুমে আবার কোপা ইতালিয়া থেকেও কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে জুভেন্টাস।
এমন অবস্থায় খুশি নন রোনালদো। গতকাল তাই ইতালিয়ান সংবাদপত্র করিয়েরে দেল্লা সেরা জানিয়েছিল এ মৌসুমেই নাকি জুভেন্টাস ছাড়তে চাইছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
অন্য একটি ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকা জানিয়েছে, ‘এ মৌসুমে না গেলেও পরের মৌসুমেই জুভেন্টাস ছাড়বেন রোনালদো, চুক্তির শেষ পর্যন্ত রোনালদোর জুভেন্টাসে থাকার সম্ভাবনা নেই। পরের মৌসুমই হয়তো ইতালিতে তাঁর শেষ মৌসুম হবে।’
এ মৌসুমে জুভেন্টাসের সঙ্গে চার বছরের চুক্তিতে এসেছেন। রোনালদোর পেছনে ৩০০ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করেছে জুভেন্টাস। ২০২০ সাল পর্যন্ত তুরিনে থাকার কথা রোনালদোর। তাই এমন খবরে তুরিন জুড়ে শঙ্কা জাগতেই পারে।

