তবে কি এ মাসেই মুক্তি পাবে ‘পদ্মাবত’?



ক’দিন আগেই সেন্সর বোর্ডের তরফে গ্রিন সিগন্যাল পেয়েছে সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবত’। এ বার নাকি ছবি মুক্তির দিনও স্থির হয়ে গিয়েছে।
ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বড় জল্পনা, ‘পদ্মাবত’ নাকি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের ছুটিকে লক্ষ্য করে ওইদিনই মুক্তি পেতে পারে ছবি। যার জেরে অক্ষয় কুমারের আগামী ছবি ‘প্যাডম্যান’-এর সঙ্গে বক্স অফিসে বড়সড় সংঘাতের মুখে রণবীর-দীপিকা-শাহিদের ছবি।
‘প্যাডম্যান’ ছবির এক জন সহকারী প্রযোজক প্রেরণা অরোরা শনিবার পিটিআইকে জানিয়েছেন, অক্ষয়ের ছবি ২৫ জানুয়ারিই মুক্তি পাবে। যদি সেদিন ‘পদ্মাবত’ মুক্তি পায়, তাহলেও ‘প্যাডম্যান’-এর মুক্তির নির্ধারিত দিন পিছবে না।
তিনি বলেন, ‘আমি জানি না ক্ল্যাশ নিয়ে কী চলছে… আমার এ নিয়ে কোনও ধারণাই নেই। আমরা যেটা জানি, তা হল প্যাডম্যান ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে। অক্ষয় নিজেই সরকারি ভাবে তা জানিয়ে দিয়েছেন। এটা খুব বোকার মতো সিদ্ধান্ত হবে যদি একই দিনে মুক্তি পায় পদ্মাবত ও প্যাডম্যান। পদ্মাবত খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি। এই অসাধারণ ছবিটি দ্রুত মুক্তি পাওয়া উচিত। বাকিটা ভায়াকম এইট্টিন ও পরিচালকের সিদ্ধান্ত।’
যদিও পরিচালক ও প্রযোজনা সংস্থার তরফে অফিশিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি।
ঐতিহাসিক কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী    
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ     
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর  
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর