মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি




মাত্র ১১ দিন। স্বামীর মৃত্যু পর এই কয়টা দিনও সইতে পারলেন না তিনি। চির নিদ্রায় শায়িত হলেন জীবন সঙ্গীর পাশেই।  শুক্রবার সন্ধ্যায় পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে বনানীতে স্বামীর কবরের পাশেই দাফন করা হয়।
বিমান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবরে ‘স্ট্রোক’ হলে ১৮ মার্চ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছিল আফসানাকে। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে আফসানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মাত্র ১১ দিনের ব্যবধানে আবিদ ও আফসানার মৃত্যুতে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। তাদের একমাত্র ছেলে স্কুলছাত্র মাহি যেন শোকে স্তব্ধ। মা-বাবার মৃত্যু শোক সইতে পরবে না ভেবে প্রথমে মাহিকে মায়ের মরদেহ দেখতে দেওয়া হয়নি। জানাজার জন্য মরদেহ নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে শেষবার মায়ের মুখ দেখেন তিনি।
এর আগে, ইউএস-বাংলার একটি বিমান গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জনের মৃত্যু হয়। ওই ফ্লাইটের প্রধান বৈমানিক ছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আবিদ সুলতান।
দুর্ঘটনায় নিহত ২৩ জনের মরদেহ রোববার দেশে ফিরিয়ে এনে আর্মি স্টেডিয়ামে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাকে হাসপাতালে রেখে সেদিন বাবার লাশ নিতে বনানীতে যায় উত্তরার মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ছাত্র তানজিব বিন সুলতান মাহি।
ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র আবিদ সুলতান একসময় বাংলাদেশ এয়ারফোর্সের বৈমানিক ছিলেন। তাদের গ্রামের বাড়ি নওগাঁর রানীনগরে। বাবা এম এ কাশেমও ছিলেন বৈমানিক।