তাদের চেষ্টা ছিল, কিন্তু হয়নি




মূল পর্বে যেতে হলে শুধু জিতলে চলবে না, তিন গোলের ব্যবধান রাখতে হবে। এমন সমীকরণে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তারা জিতেছে, তবে পারেনি শর্ত পূরণ করতে। ২-০ গোলে শক্তিশালী কাতারকে হারিয়েছে তারা। এই জয় তাদের মূলপর্বের টিকিট দিতে না পারলেও, তাদের ছিল শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা।
একটি ম্যাচ অনেক কিছুর চিহ্ন বহন করে। গত ম্যাচে ইয়েমেনের কাছে হারতে হয়েছিল ০-২ গোলের ব্যবধানে। আজ তাই ছিলনা জয়ের বিকল্প। বাংলাদেশের ১৬ না পেরোনো কিশোররা সেই চ্যালেঞ্জ নিয়ে লড়েছে, জয় করে নিয়েছে ফুটবলপ্রেমীদের মন। মাঝমাঠের বলের নিয়ন্ত্রণ, প্রেসিং ফুটবল খেলে একের পর এক আক্রমণে কাতারের রক্ষণকে ব্যস্ত রাখে লাল-সবুজের কিশোররা।
তবে ফিনিশিংয়ের অভাবে গোল আসতে সময় নেয় ৭০ মিনিট। দীপক রায়ের গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ৮১ মিনিটে ফাহিমের দুর্দান্ত গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। শেষে আক্ষেপ হয়ে থাকলো একটিমাত্র গোল।
দুই ম্যাচ জিতে গ্রূপ চ্যাম্পিয়ন ইয়েমেন। তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ রানার্সআপ। শীর্ষ ছয় রানার্সআপ দল সুযোগ পাবে মূল মঞ্চে লড়াই করার। আর কঠিন হলেও ভাগ্য ও অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতেই হচ্ছে।
বাংলাদেশ ফুটবলের দুর্দিন চলছে। জাতীয় দলের একের পর এক ব্যর্থতায় র্যাঙ্কিং গিয়ে থেকেছে ১৯৬ এ। সেখানে বয়সভিত্তিক দলগুলো রীতিমতো আলো ছড়িয়ে এক পশলা স্বস্তি কিংবা আনন্দ এনে দিচ্ছে এদেশের ফুটবলপ্রেমীদের মনে। অনূর্ধ্ব-১৮ দলের টানা জয়, অনূর্ধ্ব-১৬ এর কিশোরদের শেষ পর্যন্ত লড়াই এদেশের ফুটবলে নতুন মাত্রা এনে দিতে পারে। এদের হারিয়ে যেতে দেওয়া যাবে না। এদের পরিচর্যা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলের মশালের আলো দ্বিগুণ জ্বলতে সাহায্য করবে।