ইংল্যান্ডে অবস্থানকালে তামিম ইকবালের স্ত্রী আয়েশা ইকবাল ও পুত্র আরহাম ইকবাল খানের উপর এসিড নিক্ষেপের চেষ্টা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর সম্ভবত এই কারণেই নিজের কাউন্টি পর্ব অসমাপ্ত রেখে দেশে ফিরে আসছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
স্ত্রী আয়েশা সিদ্দিকা ও পুত্র আরহাম ইকবাল খানকে নিয়ে ৭ জুলাই ইংল্যান্ডে যান তামিম। দেশে ফেরার কথা ছিল আগামী মাসের শুরুতে। পরিবার নিয়ে থাকার জন্য লন্ডনে এক মাসের জন্য একটি বাসাও ভাড়া নিয়েছিলেন তিনি। পরশু রাতে সপরিবার রাতের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরছিলেন তামিম ইকবাল। ঠিক তখনই কয়েকজন তাঁদের ধাওয়া করে। দৌড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচেছেন তাঁরা।
পরশুর ঘটনাটি লন্ডনের ঠিক কোন জায়গায় ঘটেছে, সেটি কেউ নির্দিষ্ট করে বলতে না পারলেও বিসিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক বলেছেন, ‘তামিম ও তার পরিবারকে ধাওয়া করেছিল কয়েকজন লোক। দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছু হয়নি। এ ঘটনার পরই তামিম দেশে চলে আসার সিদ্ধান্ত নেয়।’ আক্রমণকারীদের হাতে এসিড ছিল বলেও শুনেছেন তিনি।
বিসিবির দায়িত্বশীল এই কর্মকর্তার ধারণা, ‘তামিমের স্ত্রী মাথায় হিজাব পরেন। হয়তো সে কারণেই তাঁদের টার্গেট করা হয়েছে।’ এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তামিমকে।
এর আগে কাল বিকেলে কাউন্টি ক্লাব এসেক্স তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত’ কারণে তামিম ক্লাব ছেড়ে যাচ্ছেন। বিবৃতিতে ইংলিশ কাউন্টির ক্লাবটি আরও লিখেছে, ‘আমরা তার মঙ্গল কামনা করছি। এই সময়ে তামিমের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানালে আমরা খুশি হব।’
গত কিছুদিন ধরেই ইংল্যান্ডে মুসলিম নারীদের উপর এমন আক্রমণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। হিজাব-বোরখা পড়া নারীদের উপর এরূপ হামলা চালাচ্ছে একদল দুষ্কৃতি। তার সূত্র ধরেই আয়েশা ইকবালের উপর এমন হামলা বলে ধারণা করা হচ্ছে।
সম্ভবত নিজের স্ত্রী-পুত্রের নিরাপত্তার কথা চিন্তা করেই মাত্র এক ম্যাচ খেলে দেশে ফেরার ফ্লাইট ধরেন তামিম ইকবাল। নেটওয়েস্ট টি২০ ব্লাস্টে এসেক্সের হয়ে নয় দশ ম্যাচ খেলার কথা ছিল তার। প্রথম ম্যাচে ৭ বলে ৭ রান করে আউট হন তিনি। কাউন্টি খেলার জন্য বিসিবির কাছ থেকে পুরো মাসের ছাড়পত্রও পেয়েছিলেন তিনি।
