‘তালাকের খবর আমার বিশ্বাস হচ্ছে না’




সিনেমার মতোই শাকিব খানকে পেতে জাত-কুল ছেড়েছিলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস হয়েছিলেন অপু ইসলাম খান। বিয়েটাও ছিল রহস্যময়। অনেক লুকোচুরির পরই খোলাসা হয়েছিল তাদের প্রেম কাহিনী। ততদিনে অপুর কোলজুড়ে এসেছে তারকা দম্পতির সন্তান আব্রাম খান জয়।
তবে এখবর সামনে আসার পর পরই বিচ্ছেদের সুর বাজছিল তাদের সংসারে। অবশেষে তাদের সম্পর্কের টানাপোড়ান যেন চূড়ান্ত রূপ নিচ্ছে। ভেঙ্গেই যাচ্ছে এই তারকা দম্পতির সংসার । নানা গুঞ্জনের পর শেষমেশ অপুকে তালাক নোটিশ পাঠিয়েছেন শাকিব খান।
অবশ্য এখবর এখনো বিশ্বাস করতে পারছেন না অপু। তার মতে, শাকিব সহ সবার সাথে তার সম্পর্ক স্বাভাবিক আছে। তাছাড়া তালাকের নোটিশও হাতে পাননি তিনি।
বিচ্ছেদের খবর সামনে আসলে যোগাযোগ করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে। অপু বলেন, ‘দুপুরে আমি বাবুকে (আব্রাম খান) খাওয়াচ্ছিলাম। হঠাৎ টেলিভিশনের স্ক্রলে খবরটি আমার নজরে আসে। এরপর মুঠোফোনে পরিচিতজনের কয়েকটি খুদে বার্তাও পেয়েছি। বিষয়টি আমাকে অবাক করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। গত মাসে ছেলেকে রেখে চিকিত্সা নিতে ভারতে যাওয়ার কারণে শাকিব খানের সঙ্গে আমার ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সময় সে হয়তো রাগ হয়ে কিছু একটা করে থাকতে পারে। কিন্তু তার কয়েক দিনের মাথায় আমার সঙ্গে শাকিবের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। আর এখন পর্যন্ত তা রয়েছে। এ ঘটনার কয়েক দিন পর ছেলেকে নিয়ে শাকিবের বাসায় যাই। শ্বশুর-শাশুড়ির সঙ্গে অনেক আন্তরিকভাবেই কথা হয়েছে। বাবু (আব্রাম খান) তার বাবার (শাকিব) সঙ্গে রাতে ঘুমিয়েছে। তখন শাকিবকে একজন দায়িত্ববান বাবা মনে হয়েছে আমার কাছে। মূলত তখন থেকেই স্ত্রী-সন্তানের প্রতি শাকিবের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন দেখেছি। এখন এসব খবর তো আমার বিশ্বাস হচ্ছে না।’
এদিকে অপুকে পাঠানো তালাকনামায় শাকিব লিখছেন, বিয়ের পর ‘মুসলিম রীতি মেনে না চলায়’ ও ‘ছেলেবন্ধুকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া’ এই মনমালিন্যের মূল কারণ।
২২ নভেম্বর অপুর ঠিকানায় পাঠানো তালাকনামায় শাকিব খান ‘এ কারণ দেখিয়েছেন’ বলে জানান শাকিবের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।
তালাকনামায় উল্লেখ করা হয়, বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করেছিলেন। কথা ছিল তিনি মুসলিম রীতিনীতি মেনে চলবেন ও গৃহিনী হয়ে থাকবেন। কিন্তু অপু বিশ্বাস সে কথা রাখেননি। পুত্রসন্তান জয়কে তালাবদ্ধ রেখে ছেলেবন্ধুকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যান অপু। তবে এই ‘ছেলেবন্ধু’টি কে, সেব্যাপারটি শাকিব খোলসা করেননি।
তবে অপুর দাবি, তিনি চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছিলেন। ছেলে জয়কে কাজের মেয়ের কাছে নয়, বড়বোনের কাছে রেখে গিয়েছিলেন। ছেলেকে ভারতে না নিয়ে যাওয়ার বিষয়ে জানিয়েছিলেন, কলকাতার শীতের প্রকোপের কারণেই ছেলেকে রেখে গিয়েছিলেন।
আরও পড়ুন;
অপুকে তালাকের নোটিশ পাঠালেন শাকিব   
জয়কে নিয়ে বিভ্রান্তি; চটলেন অপু
বিচ্ছেদের পথে হাঁটছেন শাকিব-অপু  
তালাকনামায় যে অভিযোগ করেছেন শাকিব