শরীফ টেনেটুনে এস এস সি পাশ করেছিল একথা গ্রামের সবাই জানা থাকলেও এরপর তার লেখাপড়া কতদূর এগিয়েছে একথা কেউই জানে না। সবাই শুধু এটুকু জানে শরীফ বাইরে লেখাপড়া করে। সেই বাইরেটা কোথায় ঢাকা, খুলনা নাকি রাজশাহী সেকথা কারো জানার এখনও সৌভাগ্য হয়নি।
তবে তার সহজ সরল মায়ের কাছ থেকে জানা যায় শরীফ তাকে বলেছে সে বি এ পাশ করেছে। অনেক দিন পর পর সে গ্রামে আসে। হঠাৎ একদিন সে গ্রামে এসে জানায় পুলিশের বড় অফিসার পদে তার চাকরী হয়েছে। পুলিশের পদবীটা কি সেটা জানতে চাইলে সে বলে গোয়েন্দা বিভাগের চাকরী, সেটা বলা পুলিশের উপর মহল থেকে নিষেধ আছে।
তার মা অনেকবার তার কাছে জানতে চেয়েছে পুলিশের চাকরী করলেও সে কখনও পুলিশের পোশাক পরে না কেন? সে তাকে বোঝায় পুলিশের বড় পদে পোশাক না পরলেও চলে। শহরে এলাকার অনেকেই তাকে অনেক বার পুলিশের ভ্যানে দেখেছে তাই অনেকেরই মানতে কষ্ট হয়নি সে বিরাট বড় একজন অফিসার।
এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে তিনি বিরাট বড় অফিসার এর গল্প। নাটকটিতে অভিনয় করেছেন, মীর সাব্বির, মৌটুসি বিশ্বাস, এলিজা, সায়কা আহমেদ, সিরাজ হায়দার প্রমুখ। নাটকটি রচনা করেছেন মানস পাল এবং পরিচালনা করেছেন চন্দন চৌধুরী। নাটকটি প্রচারিত হবে আগামী কাল ৫ জানুয়ারী, শুক্রবার রাত দশটায় এশিয়ান টেলিভিশনে।
