আজ শনিবার বিকেল ৫টার কিছু পরে তিনদিনের সফর শেষে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পোপ ফ্রান্সিস।
এর আগে সফরের শেষ দিন (শনিবার) তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করেছেন পোপ ফ্রান্সিস। এর পরই তেজগাঁও মিশনারি ও কবরস্থান পরিদর্শন করেন। বৈঠক করেন খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে। বিকেল সোয়া তিনটায় তিনি নটরডেম কলেজে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন যুব সম্প্রদায়ের সঙ্গে।
মানুষ-মানুষে বিভেদকে ‘সমাজের খুঁত’ আখ্যায়িত করে পোপ বলেন, “বাংলাদেশ হল আন্তঃধর্ম ও ঐকতানের প্রকৃষ্ট উদাহরণ।”
পোপ তার ভাষণে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতা প্রত্যেককে ‘শুভ বীজ’ অভিহিত করে বলেন, “বীজের বেড়ে উঠার খেয়াল রেখো, বীজকে কোমল রেখো। অশুভ বীজ ও আগাছা থেকে সাবধান থাকতে হবে। ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করবে যাতে তিনি বীজকে শুভ রাখেন, কারণ তিনিই বীজ তৈরি করেছেন। বীজকে এমনভাবে পরিচর্যা কর, যাতে তা ঈশ্বরের আত্মজ্ঞান হিসেবে প্রতীয়মান হয়।”
পোপ তার ভাষণে সবাইকে সমালোচনা ও পরনিন্দা থেকে দূরে থেকে আনন্দ নিয়ে বেঁচে থাকার মন্ত্র দেন।
তিনি বলেন, “কারও সম্পর্কে নিন্দা করা একটি মানুষের একটি ত্রুটি। পিছনে কথা বলা সমাজের শান্তি বিঘ্নিত করে। পরনিন্দা করা এক ধরনের সন্ত্রাসবাদ, কারণ যেমন পরনিন্দা আড়ালে হয়ে থাকে তেমনি সন্ত্রাসবাদও। কোন মানুষকে অপছন্দের কথাটি যদি সম্ভব হয় মুখের সামনে বলে দাও, যদি তা না পারও তাহলে এই কাজে সহায়তা করতে পারে এমন শুধু একজনকে বলবে, আর কাউকে নয়। উদ্বিগ্নতা ও ভারাক্রান্ত মন থেকে অশুভ বীজ সৃষ্টই হয়, তাই নিজকে সব সময় উৎফুল্ল রাখবে। জীবন সবচেয়ে কঠিন সময়েও তোমাকে হাসতে হবে,”
ভাষণের পর চার্চের কবরস্থান পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস।
এর আগে, তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন।
এ সফরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখান থেকে যান রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে।
শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজক অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন পোপ। বিকেলে ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। যোগ দেন আন্তঃধর্মীয় সভায়।
গতবছর প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ক্যাথলিক বিশপ আনুষ্ঠানিকভাবে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে পোপ চলতি বছরের শেষ দিকে আসার আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন;
পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়ালেন পোপ
মিয়ানমারের পথে পোপ ফ্রান্সিস
পোপের বাংলাদেশ সফর; সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ
