তুরস্কের বিমান হামলায় ইরাকে ৪৯ কুর্দি যোদ্ধা নিহত




তুরস্কের সশস্ত্র বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের যুদ্ধবিমানগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১৯টি লক্ষ্যস্থলে হামলা চালিয়ে ৪৯ জন যোদ্ধাকে হত্যা করেছে।
আজ বৃহস্পতিবার লিখিত এক বিবৃতিতে তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার আসোস বা কান্দিল, জাপ, আভাসিন বা বাসিয়ান এবং হাকুর্ক অঞ্চলে দুবার বিমান হামলা চালানো হয়েছে।
এসব হামলায় তুরস্কের সামরিক বাহিনী পিকেকের আশ্রয় কেন্দ্র, লুকিয়ে থাকার স্থান ও সমরাস্ত্র ধ্বংস করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে। পিকেকে তুরস্কের সীমান্ত চৌকিগুলোতে হামলার পরিকল্পনা করছিল বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
১৯৮০-র দশক থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্রোহ চালিয়ে আসছে পিকেকে। কুর্দিদের এই সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। পিকেকে ও তুরস্কের নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।