তৃতীয়বারের মত বিয়ে করলেন ইমরান খান




ফের বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।
গতকাল রবিবার লাহোরে এক ‘অনাড়ম্বর অনুষ্ঠানের’ মাধ্যমে তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৬৫ বছর বয়সী ইমরান। ইমরানের নতুন স্ত্রীর নাম বুশরা মানেকা এবং তিনি পাঞ্জাব প্রদেশের পাকপাত্তান জেলার একজন শ্রদ্ধেয় ‘পীর’ বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
চল্লিশোর্ধ বুশরা পাঞ্জাবের ওয়াত্তো বংশের নারী। মানেকা ওই বংশের একটি উপ-বংশ বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ইসলামাবাদের জ্যেষ্ঠ কাস্টম কর্মকর্তা খাওয়ার ফরিদ মানেকাকে বিয়ে করেছিলেন বুশরা, কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
পাঁচ সন্তানের জননী বুশরাকে এর আগে নিজের ‘আধ্যাত্মিক পরামর্শদাতা’ হিসেবে উল্লেখ করেছিলেন ইমরান। বুশরার পরামর্শকে মূল্যবান মনে করেন বলেও জানিয়েছিলেন।
১৯৯৫ সালে ইমরান বিয়ে করেন ব্রিটিশ ধনকুবের জেমস গোল্ডস্মিথের মেয়ে জেমিমাকে। ২০০৪ সালে দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১৫ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন ইমরান। বিয়ে করেন সাংবাদিক রেহম খানকে। এই সম্পর্কটা কুৎসিত পরিণতি দিয়ে শেষ হয়। দুজন দুজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি অনেক অভিযোগই আনেন।
এরপর ৬৫ বছর বয়সী ইমরানকে জড়িয়ে ২০১৬-এর মাঝামাঝি, ২০১৭-এর শেষের দিকে আর ২০১৮ সালের শুরুতে বুশরা মানেকাকে নিয়ে অনেক খবর রটে।