ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) জানিয়েছে, তেল রাজস্ব পতনের কারণে চলতি বছর সৌদি আরবের অর্থনীতির প্রবৃদ্ধি শূন্যের কাছাকাছি থাকবে।
দেশটির জন্য ২০১৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দশমিক ৪ শতাংশ থেকে দশমিক ১ শতাংশে এনেছে আইএমএফ। এর কারণ হিসেবে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) উত্পাদন হ্রাস পাওয়া, তেলের মূল্যে অস্বাভাবিক অবস্থা বিরাজ করা ও অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমাতে দেশটির গৃহীত কাঠামোগত সংস্কার কার্যক্রমের বিষয়াদি উল্লেখ করে গত শুক্রবার একটি বিবৃতি দিয়েছে আইএমএফ।
তেলবহির্ভূত প্রবৃদ্ধির পূর্বানুমান ২ দশমিক ১ শতাংশ থেকে ১ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছে আইএমএফ।
তেলের দরপতন ও ব্যয় সংকোচন নীতি সৌদি আরবের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। ২০০৯ সালের প্রথম প্রান্তিকে প্রথমবারের মতো এমন অবস্থার ফলে অর্থনৈতিক সংকোচন সৃষ্টি হয়েছিল। দেশটির নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এ বিষয়গুলো চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেও আশঙ্কা করা হচ্ছে। তেলের ওপর নির্ভরতা কমানোর জন্য এরই মধ্যে তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন।
তেলনির্ভরতা কমানোর বিষয়ে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএমএফ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এমন সিদ্ধান্তের ফলে সামনের দিনগুলোতে রাজস্ব ঘাটতি হ্রাস পাবে।
আইএমএফ বোর্ড চলতি বছর তেলবহির্ভূত প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী হওয়ার আশা করছে। কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে মধ্যমেয়াদে সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি শক্তিশালী হওয়ার প্রত্যাশা করে বিবৃতি দিয়েছে সংস্থাটি।
আর্থিক পদক্ষেপের প্রভাব নিরীক্ষণ ও এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার আনতে সরকারকে আগেই সতর্ক করেছিল তারা। চলতি বছর জিডিপিতে সৌদি আরবের রাজস্ব ঘাটতি কমে ৯ দশমিক ৩ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর এ ঘাটতি ছিল ১৭ দশমিক ২ শতাংশ। ২০২২ সাল নাগাদ রাজস্ব ঘাটতি ১ শতাংশের নিচে নেমে আসবে বলে উল্লেখ করেছে আইএমএফ।
সৌদি আরবের জ্বালানি খাতে ভর্তুকি অপসারণের পরিকল্পনার প্রশংসা করেছে আইএমএফ। ডলারের বিপরীতে সৌদি আরবের মুদ্রা বিনিময়ের হার তাদের অর্থনীতির কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি।
