একটি ক্রীড়া কেন্দ্রে আগুন লেগে দক্ষিণ কোরিয়ায় ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, উদ্ধারকাজ শেষ হওয়ার পর লাশের সংখ্যা আরও বাড়তে পারে।
গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরে জেচেন শহরের একটি আটতলা ভবনে আগুন লাগে।
দক্ষিণাঞ্চলের জেচেন শহরের ওই আটতলা ভবনের ভূগর্ভস্থ কক্ষে আগুনের সূত্রপাত হয়েছিল। ভবনের দ্বিতীয় তলায় থাকা ব্যায়ামাগারে বেশি লাশ পাওয়া গেছে।
গণমাধ্যমে প্রকাশিত চিত্রে ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে কালো ধোঁয়ার সঙ্গে আগুন দেখা যায়। অগ্নিনির্বাপণ কর্মীরা এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন। তবে ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আগুন লাগার পর অনেকেই ভবনের ছাদে উঠে যান। ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে।
এ বিষয়ে দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, আগুনের কারণে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। আর তাতেই অনেকের মৃত্যু হয়েছে।
