কাতালোনিয়ায় চলছে স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে গণভোট। সে নিয়ে স্পেন সরকারের সাথে চলছে সংঘর্ষ-সংঘাত। সে কারণে আজ দর্শক শূন্য ক্যাম্প ন্যু। বার্সা খেলছে, মেসিরা লড়ছে – অথচ পুরো মাঠ জুড়ে নীরবতা। তাদের উৎসাহ দেওয়ার কেউ নেই, এমনটি হয়ত বার্সেলোনা সমর্থকদের জন্য নতুন অভিজ্ঞতা।
দর্শক ছিল কি নেই, বার্সেলোনার জয়রথ থামেনি। এদিন লাস পালমাসকে হারিয়েছে ৩-০ গোলে। মেসি করেছেন দুটি গোল, বাকি একটি বুস্কেটস।
প্রথম অর্ধ চলে আক্রমণ প্রতিআক্রমণে চলে খেলা কিন্তু গোল করতে ব্যর্থ দুই দল। ০-০ গোল নিয়েই শুরু হয় দ্বিতীয় অর্ধ শুরু হয়। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৪৯ মিনিটে এগিয়ে দেন বুস্কেটস। মেসির কর্ণার থেকে উড়ে আসা বল হেডে গোল করেন বার্সেলোনার মিডফিল্ডার।
৭০ মিনিটে মেসি জাদু। ডেনিস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল গোলরক্ষককে কাটিয়ে গোল করেন এল এম টেন। এর সাত মিনিট পর লুই সুয়ারেজের পাস থেকে আবারো গোল করেন মেসি। এরপর আর কোনো গোল না হলে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা।
এই জয়ের মধ্য দিয়ে লা লিগাতে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। সাত ম্যাচে পূর্ন ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কাতালান দলটি।
