দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ৬ হাজার ২২৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে নেমে যায়। ৫ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমে ২ হাজার ২৫১ দশমিক ৬৭ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৪ দশমিক ১ পয়েন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩৭৫ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
ডিএসইতে ১১ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৭০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪০৬ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৪৩ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত ছিল ৫৯টির বাজারদর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬০ দশমিক ১৬ পয়েন্ট কমে ১১ হাজার ৬৪২ দশমিক শূন্য ৭ পয়েন্টে নেমে যায়। ১২৭ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৭ হাজার ৩২১ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩০ কোটি ২২ লাখ ৬০ হাজার ৮০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩০ কোটি ৫৭ হাজার ৩১৬ টাকা।
