আজ রবিবার দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, আমাদের এত বিলবোর্ড নেতা দরকার নেই। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দেখাবেন, অথচ লোকে চেনেও না। আমাদের আজ অন্তঃপ্রান সাচ্চা কর্মী দরকার। যাদের হাতে আওয়ামী লীগ নিরাপদ থাকবে।
ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমানে বিলবোর্ড, পকেট নেতাদের ভিড়ে আসল ত্যাগী নেতারা হারিয়ে গেছে। কিন্তু তারা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে হারিয়ে যান নি।
ওবায়দুল কাদের বলেন, ত্যাগীদের নিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে। দলে সাচ্চা কর্মী দরকার। পকেটের লোক দিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাভোগীদের হাতে চলে যাবে। দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজস্ব সিন্ডিকেট করা যাবে না। ক্ষমতার দাপট দেখানো চলবে না। ত্যাগের মহিমায় ভোগের সংস্কৃতি ত্যাগ করে মুজিবসেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে অশুভ শক্তি। নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি চক্রান্ত করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর যেন কোনো দিন সাম্প্রদায়িক শক্তি, অন্ধকারের শক্তি ক্ষমতায় না আসতে পারে সে জন্য আওয়ামী লীগকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়া মীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এর সভাপতিত্বে রাজশাহী নগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় সংসদের হুইপ ও জাতীয় সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা ড. আব্দুল খালেক ও ড. সাইদুর রহমান খান, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও আখতার জাহান।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ বার্ষিকীতে রাজশাহীতে মার্চ মাসে আমাদের প্রথম সম্মেলন। আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভোগের জন্য নয়, ত্যাগের মহিমায় দলকে এগিয়ে নিতে হবে।

